বিখ্যাত জার্মান ব্যান্ড “স্করপিয়ন্স”–এর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করল বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড “চিরকুট”। “গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট” শিরোনামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে শুক্রবার (৬ মে) এই আয়োজন ছিল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে।
নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে স্থানীয় সময় দুপুর থেকেই দর্শকদের আগমন শুরু হয়। বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট শুরু হয়। মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নুরুল ইসলাম, নাহিদ খান ও অপরাজিতা হক।
স্কপিয়ন্সের কনসার্ট দেখতে পারা যেন অনেক ভক্তের জন্য ভাগ্যের বিষয়। তাই এই আয়োজনের ঘোষণার পর থেকে সবার মধ্যে উত্তেজনার কোনো কমতি ছিল না। অন্যদিকে এই আয়োজনের পারফর্ম করতে পেরে বেশ উচ্ছ্বসিত চিরকুট।
চিরকুট ব্যান্ডের ভোকালিস্ট শারমিন সুলতানা সুমী ফেসবুকে লিখেছেন, “এক ইতিহাস তৈরি হলো। আমরা ম্যাডিসন স্কয়ার গার্ডেনে গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্টে বিশ্বের অন্যতম সেরা ব্যান্ড স্করপিয়ন্সের সাথে পারফর্ম করেছি এবং বাংলাদেশকে গর্বিত করার চেষ্টা করেছি। স্করপিয়ন্স ও ম্যাডিসন স্কয়ার গার্ডেনের মানুষেরা যারা আমাদের শুনেছেন তারা বলেছেন, আপনারা প্রাণবন্ত ও অসাধারণ”।
উল্লেখ্য, এই ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের পাশে দাঁড়াতে আয়োজন করা হয়েছিল “কনসার্ট ফর বাংলাদেশ”। পণ্ডিত রবিশঙ্কর ও তার বন্ধু বিটলস ব্যান্ডের জর্জ হ্যারিসনকে নিয়ে বাংলাদেশের শরণার্থীদের সাহায্যার্থে এই কনসার্ট আয়োজন করেন। সেই কনসার্ট থেকে পাওয়া অর্থ পাঠানো হয় বাংলাদেশের শরণার্থীদের কল্যাণে।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আয়োজনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে “গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট”–এর আয়োজন করে বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ।
