সন্ধান২৪.কম : করিম বেনজামার দারুন পারফরমেন্সের সাহায্যে রিয়াল মাদ্রিদ রবিবার রাতে এইবারকে ৩-১ গোলে পরাজিত করে পয়েন্ট তালিকার শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদকে স্পর্শ করেছে। এ জয়ের মাধ্যমে বার্সেলোনার সাথে পয়েন্টের ব্যবধান বাড়াতে সক্ষম হয়েছে রিয়াল।
অবশ্য অ্যাটলেটিকো দুটি ম্যাচ কম খেলায় তালিকার শীর্ষে রয়েছে। ১৪ ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ২৯ পয়েন্ট। অ্যাটলেটিকো সমান পয়েন্ট সংগ্রহ করেছে ১২ ম্যাচ খেলে। বার্সেলোনা ১৩ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে আছে ৫ম স্থানে।
এ ম্যাচে দারুন শুরু করে রিয়াল মাদ্রিদ। করিম বেনজামা এবং লুকা মড্রিচের করা গোলে শুরুর দিকেই ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। কিকে গার্সিয়া চমৎকারভাবে একটি গোল পরিশোধ করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন। তবে খেলার একেবার শেষ সময়ে লুকাস ভাজকেজ গোল করলে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয় জিনেদিন জিদানের দলের।
এ ম্যাচের জন্য জিদান তার একাদশে অন্তর্ভূক্ত করেন ক্যাসেমিরো এবং রড্রিগো গোয়েসকে। এছাড়া দলে কোন পরিবর্তন ছিলনা। খেলার ছয় মিনিটে রড্রিগোর তৈরী করা সুযোগ থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন বেজনামা। রিয়ালের শুরুটা আরও ভাল করে তুলেন ১৩ মিনিটের মাথায় লুকা মড্রিচ গোল করে। এ গোলের সুযোগটি সৃষ্টি করেছিলেন বেনজামা। বেনজামার কাট ব্যাক পাস থেকে বল পেয়ে বল জালে পাঠান। ২-০ গোলে পিছিয়ে পড়েও হাল ছেড়ে দেয়নি এইবার। বরং তারা গোল পরিশোধ করে ম্যাচে ফেরার জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকে। সে চেষ্টায় তারা সফলও হয়। ২৮ মিনিটে কিকে গার্সিয়া বাকানো শটে থিবো কর্তোয়াকে পরাস্ত করে ব্যবধান কমিয়ে ২-১ করেন। বিরতি পর্যন্ত এ ফলই থাকে। বিরতির পর এইবার আরও বেশী আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে। এ সময় তারা সফকারীদের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। যদিও রিয়াল মাদ্রিদ ব্যবধান বাড়ানোর মতো সুযোগ পেয়েছিল। লুকাস ভাজকেজ আগুয়ান গোলরক্ষক দিমিত্রোভিচকে পরাস্ত করলেও পেড্রো বিগাস দারুনভাবে রুখে দেন সে প্রচেষ্টা। এর পর রড্রিগোর শট বাচিয়ে দেন গোলরক্ষক দিমিত্রোভিচ। খেলার ২০ মিনিট বাকি থাকতে রড্রিগোর পরিবর্তে মার্কো অ্যাসেনসিও এবং মড্রিচের পরিবর্তে ফেদে ভালভার্দেকে মাঠে নামালে রিয়ালের প্রাধান্য আবার প্রতিষ্ঠিত হয়। তবে তা খুব বেশী সময় থাকেনি। এইবার একটি পেনাল্টির দাবী জানায়। পেনাল্টি বক্সের মধ্যে সার্জিও র্যামোসের হাতে বল লাগলে এ দাবী জানায় তারা। তবে ভিএআর দেখে রেফারি সেটি বাতিল করেন ঘটনাটি ইচ্ছাকৃত নয় বলে। ভাজকেজ দলের শেষ গোলটি করেন ইনজুরি টাইমে। খেলার ৩০ সেকেন্ড বাকি থাকতে ভাজকেজের গোলে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করে তারা।


