স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছেন নায়িকা আইরিন। তসলিমা নাসরিনের প্রেমের কবিতা ধরে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এতে দেখা যাবে ‘ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত’ নামের এ কবিতাটি আবৃত্তি করছেন আইরিন। অভিনেত্রী আশনা হাবিব ভাবনার গল্পে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন নির্মাতা অনিমেষ আইচ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘একা’। পরিচালনার পাশাপাশি ‘একা’র চিত্রনাট্য লিখেছেন অনিমেষ আইচ নিজেই। এতে ভাবনাসহ অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ ও রুনা খান। ‘আলো আসবেই’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। চলচ্চিত্র নির্মাণে হাত দেন দেবাশীষ বিশ্বাস। যেখানে অভিনয় করেন সিনেমার বড়পর্দার ১২ তারকা। এদের মধ্যে আছেন ইমন, মাহিয়া মাহী, ববি হক, বাপ্পি চৌধুরী, সাইমন সাদিক, জায়েদ খান, মিশা সওদাগর, অমিত হাসান, আঁচল, তমা মির্জা ও শাহরিয়াজ। চলচ্চিত্রটির পরিকল্পনার সঙ্গেও যুক্ত ছিলেন অপু বিশ্বাস। ভারতের কলকাতার জনপ্রিয় নির্মাতা রিঙ্গো ব্যানার্জি করোনা সচেতনতা নিয়ে তৈরি করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আই উইল ওয়েট’। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন ২৭ অভিনেতা। যার বাংলাদেশের একমাত্র অভিনেতা শাহেদ শরীফ খান। অভিনয় প্রসঙ্গে শাহেদ বলেন, রিঙ্গো দাদার সঙ্গে অনেক আগে থেকেই আমার পরিচয়। গত বছর তার পরিচালনায় কলকাতায় সেনাপতি নামের একটি চলচ্চিত্রেও অভিনয়ের সুযোগ পাই। অনিমেষ আইচ তার নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য নির্মাণ করেন মনস্তাত্ত্বিক গল্প নির্ভর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অ্যান এসকেপিস্ট’। ১০ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রযোজনা, পরিচালনা, কাহিনী, চিত্রনাট্য ও নির্মাতা অনিমেষ আইচ। এতে অভিনয় করেছেন দীপক সুমন, ফকরুজ্জামান, নূরন্নাহার বেবী, শিশুশিল্পী নৈঋতা ও রুসমিলা। অভিনেত্রী এবং মডেল রাফিয়াত রশিদ মিথিলা অভিনয় করেছেন ‘দ্য ফরগটেন ওয়ান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। এ চলচ্চিত্রটির গল্পের কারিগর অভিনেতা ইরেশ যাকের। আর এতে মিথিলার সঙ্গে অভিনয় করেছেন মেয়ে আয়রা। এছাড়া ইন্দো-বাংলাদেশের ছোট ছবি ‘দূরে থাকা কাছের মানুষ’ এ অভিনয় করেছেন মিথিলা। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের রাফিয়াত রশিদ মিথিলা ও কলকাতার বিক্রম চট্টোপাধ্যায়। সম্প্রতি ছয়জন স্বাধীন নির্মাতার নির্মিত ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে ‘টঙ-আইসোলেশন ডায়েরি’ নামে সিরিজ প্রকাশ করেছে টঙঘর টকিজ। ঘরবন্দি সময়ের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার গল্প উঠে এসেছে ৬টি শর্টফিল্মেই।


