হত্যার পর লাশের ওপর মুরগির খামার

সন্ধান২৪.কম : এক ব্যক্তিকে গলা কেটে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে লাশের ওপর মুরগির খামার নির্মাণ করেছেন খুনি। গত শনিবার সন্ধ্যায় এলাকাবাসী হত্যায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে দেয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী গভীর রাতে তিন ফুট মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল রবিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার বর্ণনা দিয়েছেন অভিযুক্ত ব্যক্তি।

পুলিশ সূত্রে জানা যায় চট্টগ্রামের সীতাকুণ্ড  উপজেলার সলিমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর সলিমপুর গ্রামের লাল মিয়া কলোনিতে একটি ভাড়া বাসায় থাকতেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়ার মো. রমজান আলীর ছেলে রুমেন মিয়া (৩০) ও সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুরের নুরুল হকের ছেলে মো. নুর উদ্দিন (৩৭)। পরিচয়ের সূত্র ধরে নুর উদ্দিন নিজ ঘরে আশ্রয় দিয়েছিলেন রুমেনকে।  গত ১৩ আগস্ট হঠাৎ নিখোঁজ হন নুর। ১৫ আগস্ট সন্ধ্যায় নুরের স্ত্রী বাড়িওয়ালার কাছে গিয়ে জানান, রুমেনই নুরকে খুন করে লাশ লুকিয়ে রেখেছেন। এ কথা কাউকে বললে তাঁর সন্তানদেরও হত্যার হুমকি দিয়েছেন রুমেন। এরপর এলাকাবাসী রুমেনকে আটক করে পুলিশে দেয়। গভীর রাতে রুমেনের দেখানো মতে তাঁর নবনির্মিত মুরগির খামারের ভেতর তিন ফুট মাটির নিচ থেকে নুরের লাশ উদ্ধার করা হয়। হত্যার পর লাশ পুঁতে তার ওপর খামারটি নির্মাণ করেন রুমেন। এ ঘটনায় গতকাল সীতাকুণ্ড থানায় মামলা করেছেন নুর উদ্দিনের স্ত্রী।

 

Exit mobile version