সন্ধান২৪.কম: সর্বজনীন পূজামণ্ডপের পাশ থেকে পবিত্র কোরআন শরিফসহ অজ্ঞাত এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশে দেওয়া হয়। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা বলছেন, ওই যুবক নোয়াখালীর বলে জানিয়েছে সে।
শুক্রবার (১৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে স্থানীয় লোকজন তাকে আটক করে। ওই যুবককে এখন হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
একজন প্রত্যক্ষদর্শী জানান, হবিগঞ্জ শহরের চৌধুরীবাজারে শুক্রবার দুপুর থেকে ওই যুবক চৌধুরীবাজার সর্বজনীন পূজামণ্ডপের চারপাশে ঘোরাফেরা করছিলেন। এ সময় সেখানকার কয়েকজন লোক বিষয়টি দেখে অন্যদের জানান। স্থানীয়দের সন্দেহ হলে ওই যুবককে আটক করে তার ব্যাগে পবিত্র কোরআন শরিফ পাওয়া যায়। বিষয়টি চৌধুরীবাজার ফাঁড়িকে জানালে পুলিশ এসে তাকে আটক করে।
খবর পেয়ে সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী, পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে ওই যুবককে সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়। পরিদর্শক দৌস মোহাম্মদ জানান, ওই যুবককে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
