সন্ধান২৪.কম:পুরান ঢাকার ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিমকে কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার তার বিরুদ্ধে আরো তিনটি মামলা হয়েছে। এদিকে গতকাল ভোরে টাঙ্গাইল থেকে ইরফানের ব্যক্তিগত সহকারী ও মদিনা গ্রুপের প্রটোকল অফিসার এ বি সিদ্দিক দীপুকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। তাকে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে জেলহাজতে যাওয়ায় কাউন্সিলর পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
চার মামলার আসামি ইরফান
গতকাল রাতে চকবাজার থানায় ইরফান সেলিমের বিরুদ্ধে আরো যে তিনটি মামলা দায়ের করেছে র্যাব তা হলো – (১) একটিতে অবৈধ অস্ত্র রাখা ও (২) অন্যটিতে অনুমতি ছাড়াই বিদেশি মদ সংরক্ষণের অভিযোগ করা হয়েছে। এছাড়া (৩) ইরফানের দেহরক্ষী জাহিদুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে চকবাজার থানায় মামলা হয়েছে। ঐ মামলায় ইরফানের বিরুদ্ধে ৪০০ পিস ইয়াবা রাখতে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে। এর আগে সোমবার ধানমন্ডি থানায় দায়ের করা মামলাসহ ইরফানের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হলো।
কারাগারে কোয়ারেন্টাইনে ইরফান : গত সোমবার রাতে গ্রেফতারের পর মঙ্গলবার প্রথম প্রহরে ইরফানকে র্যাব হেফাজত থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। জেলার মাহবুবুল ইসলাম বলেন, ইরফান ও জাহিদুল কারাগারে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। করোনা ভাইরাস মহামারিকালে কারাগারের নিয়ম অনুযায়ী যে কোনো নতুন বন্দিকে একটি সেলে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হয়। কোনো উপসর্গ পেলে করোনা টেস্ট করা হবে।

অগ্রণী ব্যাংকের জমি দখলমুক্ত
চকবাজারের অগ্রণী ব্যাংক ইমামগঞ্জ শাখার পেছনে ৭৮/১, মৌলভীবাজার হোল্ডিং নম্বরের ১৯.৪ শতাংশ জমিতে ব্যাংকের গোডাউন ছিল। সম্প্রতি স্থানীয় সংসদ সদস্যের লোকজন গোডাউনটি ভেঙে জমি দখল করে নেয়। এ ঘটনায় গত ২০ মে অগ্রণী ব্যাংকের মৌলভীবাজার শাখার সহকারী ব্যবস্থাপক বাদী হয়ে চকবাজার থানায় একটি জিডি করেন। গতকাল ব্যাংক কর্তৃপক্ষ জমিটি দখলমুক্ত করেন।


