শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ফের হাসপাতালে নেয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বুধবার বিকেল সোয়া ৪টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্য রওনা দেন তিনি। বেলা পাঁচটায় হাসপাতালে পৌঁছায় খালেদা জিয়ার গাড়ি। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসার কথা রয়েছে খালেদা জিয়াকে।
এদিকে গতকাল মঙ্গলবার চিকিৎসকদের একটি টিম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা পর্যবেক্ষণ করতে ফিরোজায় যান। পর্যবেক্ষণ শেষে তাকে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। প্রথমে খালেদা জিয়া রাজি না হলেও চিকিৎসক টিম তাকে হাসপাতালে নেয়ার কারণ বোঝাতে সক্ষম হয়।
এর আগে ৮১ দিন চিকিৎসা নেয়ার পর ১ ফেব্রুয়ারি বাসায় ফিরেন বিএনপি চেয়ারপারসন। দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয়।
করোনার কারণে ২০২০ বছরের ২৫ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এখন পর্যন্ত পাঁচ বার খালেদা জিয়ার মুক্তির সময় বাড়ানো হয়েছে।


