ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের খারকিভে যুক্তরাষ্ট্রের তৈরি দুটি হিমার্স রকেট সিস্টেম ও দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ওডেসায় জাহাজ বিধ্বংসী হারপুন মিসাইল ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইউক্রেনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। আল জাজিরা স্বাধীনভাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই দাবি যাচাই করতে পারেনি।
এর আগে যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স রকেট সিস্টেমকে যুদ্ধের জন্য একটি সম্ভাব্য গেম চেঞ্জার হিসাবে স্বাগত জানিয়েছিল ইউক্রেন। উন্নত প্রযুক্তির এসব অস্ত্র আরও সুনির্দিষ্ট এবং অন্যান্য আর্টিলারি সিস্টেমের তুলনায় দীর্ঘ পরিসরে হামলা চালাতে সক্ষম। এই রকেট সিস্টেম ব্যবহার করে অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘান হানা সম্ভব।
এদিকে, রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনের শস্যবাহী প্রথম জাহাজটি আজ সোমবার তুরস্কের উদ্দেশে দেশটির গুরুত্বপূর্ণ ওডেসা বন্দর ছেড়ে গেছে।
সিয়েরালিয়নের পতাকাবাহী রোজিনা নামের জাহাজটি লেবাননে যাবে। যাত্রাপথে আগামীকাল মঙ্গলবার এটি ইস্তানবুল বন্দরে বিরতি করবে বলে জানান তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী।
মধ্যস্থতাকারী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের উপদেষ্টা ও মুখপাত্র ইব্রাহীম কালিন রোববার একটি বেসরকারি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, প্রথম জাহাজটি সোমবার ছেড়ে যাবে।
