মুক্তির প্রস্তুতি নিচ্ছে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বিক্রম বেদা’। শুটিং শুরুর সময় থেকেই সিনেমাটি আলোচনায় রয়েছে। এতে ‘গ্যাংস্টার’ চরিত্রে পর্দায় হাজির হবেন তারকা অভিনেতা হৃতিক রোশন। তার জন্য এই সিনেমার খরচ বেড়ে দ্বিগুণ হয়েছে।
জানা গেছে, এই সিনেমার কিছু অংশের শুটিং হওয়ার কথা ছিল উত্তর প্রদেশে। নির্ধারিত সময়ে সেটও প্রস্তুত করা হয়। কিন্তু হৃতিক সেখানে শুটিং করতে রাজি হননি। তিনি নির্মাতাকে অনুরোধ করেন, উত্তর প্রদেশের আদলে দুবাইয়ে শুটিং সেট বানানোর জন্য। নায়কের অনুরোধ রাখতে গিয়ে সেট নির্মাণ এবং নতুন সময়সূচি নির্ধারণ করায় সিনেমার বাজেট বেড়ে দাঁড়ায় প্রায় ১৭৫ কোটি টাকা, যা মূল বাজেটের প্রায় দ্বিগুণ।
হৃতিকের সবচেয়ে বেশি বাজেটের সিনেমার তালিকায় নাম লেখাতে চলেছে ‘বিক্রম বেদা’। প্রাচীন গল্পকাহিনি নির্ভর এই সিনেমায় তার সঙ্গে পর্দায় হাজির হবেন সাইফ আলী খান। ‘বিক্রম বেদা’র তামিল সিনেমার পরিচালক পুস্কর এবং গায়ত্রী একই নামে হিন্দি রিমেকটি তৈরি করেছেন। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে।


