সন্ধান২৪.কম : পায়ে চোট লেগায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল গরুটি। এই অবস্থায় পাহাড় থেকে হাঁটিয়ে সমতলে নামালে বিপদ আরো বেশী হতে পারত । তাই কোনো ধরনের ঝুঁকি নিতে চাননি কৃষক ড্যাং। নিজের প্রিয় গরুটি উদ্ধার করতে একেবারে হেলিকপ্টার ডেকে আনেন তিনি। কপ্টারের সাহায্যেই পাহাড় থেকে সমতলে নামিয়ে আনেন আহত গরুটিকে।
১৮ আগস্ট সুইজারল্যান্ডে আল্পস পার্বত্য এলাকায় হেলিকপ্টারে চড়িয়ে আহত গরু উদ্ধারের এই ঘটনা ঘটে । এরই মধ্য গরু উদ্ধারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, মাঝ আকাশে হেলিকপ্টার থেকে ঝুলছে আহত গরুটি। তার সারা শরীরে হার্নেস লাগানো। এভাবেই সুইস আল্পস থেকে সমতলে নামানো হয় গরুটিকে। সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে প্রায় ৯ লাখ ‘ভিউস’ পেয়েছে ভিডিওটি।
আহত গরুকে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করার জন্য অনেকেই ড্যাংকে কুর্নিশ জানিয়েছে। একজন নেটিজেন লিখেছেন, ‘গরুটিকে এইভাবে উদ্ধার করে নিজের ভালোবাসার পরিচয় দিয়েছেন ড্যাং।’ আরেকজন লিখেছেন, ‘আমি পশুপ্রেমী মানুষদের ভালোবাসি।’ আহত গরুটিরও প্রশংসা করেছেন একজন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘গরুটিকে দেখে খুব সাহসী মনে হল। খুবই ভালো ব্যপার।’


