১১ বছর পর আবার এলেন জেমি সিডন্স

১১ বছর পর আবার বাংলাদেশে এলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ জেমি সিডন্স। যেন বললেন, ‘আমি এসে গেছি।’

বুধবার বিকাল ৪টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছান সিডন্স। দীর্ঘ সময় পর আবার বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে তার আসা। এবার তিনি ব্যাটিং পরামর্শক হিসাবে কাজ করবেন। শুরুতে তিনি কোথায় কাজ করবেন, তা ঠিক হয়নি। যখন যেখানে সুযোগ পাবে সেখানেই তাকে কাজে লাগাবে, এমন কথা তখন বলেছিল বিসিবি। কিন্তু এখন তাকে জাতীয় দলের সঙ্গে যুক্ত করতে চাইছে। সেক্ষেত্রে ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্সকে হাই পারফরম্যান্সের দায়িত্ব দেওয়া হবে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘সিডন্সকে দুই বছরের জন্য বিসিবির ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা তাকে যখন যেভাবে সুযোগ পাই ব্যবহার করব। তবে আমরা চাই সে এখন জাতীয় দল নিয়ে বেশি কাজ করুক। তার অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে আমাদের ক্রিকেটারদের জন্য ভালো হবে।’ আপাতত সিডন্সকে হোটেলে থাকতে হচ্ছে। বিপিএল চলছে। তাই কাজে যোগ দেওয়ার সুযোগ নেই তার। বিপিএলের পর আফগানিস্তান সিরিজ। সেই সিরিজ দিয়ে কাজ শুরু করবেন তিনি। বাংলাদেশে ফিরতে পেরে উচ্ছ্বসিত সিডন্স। ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচ ছিলেন তিনি।

Exit mobile version