দীর্ঘ ১২ বছরে আশরাফুল অভিনয়ে আরও দক্ষ হয়েছেন – মন্তব্যটি করলেন নির্মাতা তারিক হাসান।
ক্রিকেটার আশরাফুলের দক্ষতার সব কিছুই ২২ গজে, খেলার মাঠে। এখানে অভিনয় আসলো কোথা থেকে?
জানা গেল, বাংলাদেশের এ সাবেক অধিনায়ক অভিনয় করেছেন একটি নাটকে। এর নাম ‘টিম বরিশাল’।
সেখানেই তার অভিনয় দেখে মন্তব্যটি করেন নাটকের নির্মাতা তারিক হাসান।
আশরাফুলের অভিনয়ের প্রশংসাও করে তিনি।
তিনি বলেন, ‘আশরাফুলকে নিয়ে নাটক নির্মাণের অভিজ্ঞতা অনেক পুরোনো। শুটিংয়ের সময় বারবার মনে হয় সেই ক্যাপ্টেন আশরাফুলকে নিয়েই শুটিং করছি। তখন আশরাফুলকে নিয়ে শুটিং করার সময় যে আগ্রহ দেখতে পেতাম, এখনো আশরাফুলকে নিয়ে সেই একই রকম আগ্রহ। তবে দীর্ঘ ১২ বছরে আশরাফুল অভিনয়ে আরও দক্ষ হয়েছেন।’
অভিনয় প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘আমি তো নাটকের মানুষ নই। ক্রিকেট আমার পেশা ও নেশা। এখানেই গভীর মনোযোগ রাখতে চাই। ক্রিকেটের বাইরে আমি অন্য কিছু ভাবি না। তবে টুকটাক অভিনয় করছি এই আর কি।’
অভিনয়ের অভিজ্ঞতা আশরাফুলের এটাই প্রথম নয়, যা বলে রেখেছেন নির্মাতা তারিক হাসান।
এর আগেও অতিথি চরিত্রে দেখা গেছে বাংলাদেশ ক্রিকেটের প্রথম পোস্টার বয়কে।
তবে এবারের অভিনয়টা একদম জাত শিল্পীদের। কারণ নাটকের প্রধান চরিত্রটিই তার। আর নাটকটিও বেশ বড়, সাত পর্বের।
জানা গেছে, ‘টিম বরিশাল’ নাটকে মোহাম্মদ আশরাফুলকে দেখা যাবে তার নামেই। নাটকটিও ক্রিকেট নিয়েই।
বরিশালে ভাড়াটে খেলোয়াড় হিসেবে খেলতে গিয়ে এক অসৎ ব্যক্তির খপ্পরে পড়েন আশরাফুল।এ নিয়েই এগিয়ে যায় গল্প। ঘটতে থাকে একের পর এক মজার ঘটনা।
এবারের ঈদে বৈশাখী টিভিতে প্রচারিত হবে। এতে আশরাফুল ছাড়াও আরও অভিনয় করেছেন ওয়ালিউল রুমি, মিহি আহসান, রাশেদ সীমান্ত প্রমুখ।


