সন্ধান২৪.কম : ঢাকার একটি হাসপাতালে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের খাবারের বিল নিয়ে বিতর্কের মুখে সরকার এসব বিল খতিয়ে দেখার আগে অর্থ পরিশোধ না করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এক নির্ভরযোগ্য সুত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অর্থ পরিশোধ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাস চিকিৎসায় স্বাস্থ্যকর্মীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক মাসে ২০কোটি টাকা খাবারের বিল এসেছে, সামাজিক মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত এমন খবর নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ব্যাখ্যা তুলে ধরেছে । হাসপাতালটির পরিচালক বুধবার সংবাদ সম্মেলন করে এসব খবরকে ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক হিসাবে উল্লেখ করে তিনিও খরচের একটি তালিকা তুলে ধরেছেন।
এক মাসের খাবারের বিল ২০কোটি টাকা-এ ধরণের শিরোনামে প্রকাশিত খবর নিয়ে আলোচনা জাতীয় সংসদেও উঠেছিল। বিরোধীদলের সংসদ সদস্যদের তোপের মুখে পড়িছিলেন স্বাস্থ্যমন্ত্রী।
সংবাদ সম্মেলনে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, চিকিৎসক, নার্স এবং নিরাপত্তা কর্মী মিলিয়ে প্রায় ৩৭০০ জনের থাকা, খাওয়া এবং পরিবহন বাবদ দুই মাসে ২৬ কোটি টাকার মতো খরচ হতে পারে। সেখানে তারা ২০ কোটি টাকা চাইলে সরকার তা বরাদ্দ করেছে, কিন্তু সেই বরাদ্দ থেকে কোন বিল এখনও পরিশোধ করা হয়নি বলে তিনি উল্লেখ করেছেন।