সন্ধান২৪.কম: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ২৫ সেপ্টেম্বর নিউ ইয়র্কে নাগরিক সংবর্ধনা দেয়া হচ্ছে ।
২৫ সেপ্টেম্বর নিউ ইয়র্কের টাইম স্কয়ারের ম্যারিয়ট মারকুউজ হোটেলে এ সংবর্ধনার আয়োজন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো।
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন। সাধারণ অধিবেশনে তিনি ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর।
প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট জানান , ‘প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফরের সময়ে নানা কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে আলোচনা চলছে। তার এ সফর স্মরণীয় করতে যুক্তরাষ্ট্র বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে।পৃথিবীর রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্কের ম্যারিয়ট মারকুইজ হোটেলে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে, জানান আব্দুল লতিফ সম্রাট।
৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ ও মর্যাদার হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। কারণ তারেক রহমানের ভাষণ দেওয়ার সময় অধিবেশনে সভাপতিত্ব করবেন তারই মন্ত্রিসভার সদস্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
নিউ ইয়র্কে অবস্থানকালে তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেখা হওয়ার সম্ভাবনাও রয়েছে।
জাতিসংঘে বাংলাদেশ মিশনের একজন কূটনীতিক বলেছেন, আনুষ্ঠানিক কোনো বৈঠকের কর্মসূচি নেই। তবে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তাদের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর কিছু কর্মসূচি নিয়ে কাজ করছে। তবে তা এখনো চূড়ান্ত হয়নি।
