৪৩ ভিক্ষুক চাকরি পেলেন

সন্ধান২৪.কমঃ চাকরি পেলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৪৩ জন ভিক্ষুক।উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামে নির্মিত প্যাকেজিং ফ্যাক্টারিতে কাজ করবেন তারা । 

শনিবার জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে তাদের নিয়োগপত্র তুলে দেন। এর আগে তিনি ফিতা কেটে অবলম্বন নামে এ ফ্যাক্টারিটির উদ্বোধন করেন।

 গত ডিসেম্বর মাস থেকে কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সরকারি অর্থায়নে এ প্যাকেজিং ফ্যাক্টারির নির্মাণ কাজ শুরু হয়। চলতি মাসের শুরুর দিকে ফ্যাক্টারির নির্মাণ কাজ শেষ হয়। এই ৪৩ জন ভিক্ষুক এখন থেকে এই ফ্যাক্টারিতে কাজ করবেন। ভিক্ষুকের হাত এখন থেকে হয়ে উঠবে কর্মজীবীর হাত। এটিই মনে করছেন এলাকাবাসী।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার  বলেন, কোটালীপাড়ায় প্যাকেজিং ফ্যাক্টারিতে উৎপাদিত কাগজের প্যাকেটের ব্যাপক চাহিদা রয়েছে। এ কারণে সরকারি অর্থায়নে সাত লাখ টাকা ব্যয়ে এ ফ্যাক্টারির নির্মাণ করা হয়েছে। এখানে যারা কাজ করবেন তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি।

তিনি আরো বলেন, এই ফ্যাক্টারিতে যে ৪৩ জন ভিক্ষুক কাজ করবেন তাদের প্রতিমাসে তিন হাজার টাকা করে বেতন দেওয়া হবে। এছাড়াও এই ফ্যাক্টারিতে উৎপাদিত কাগজের তৈরি প্যাকেট বিক্রির লভ্যাংশের একটি অংশ তারা পাবেন। ভিক্ষুকদের পুনর্বাসনের এ উদ্যোগ সফল হলে পরিবর্তন হবে চৌরখুলীর, পরিবর্তন হবে কোটালীপাড়ার। 

 

 

Exit mobile version