সন্ধান২৪.কম : কন্ঠযোদ্ধা ফকির আলমগীরের মৃত্যুতে ২৪ জুলাই নিউইয়র্কে শোকসভাঅনুষ্ঠিত হয়েছে ।
ফকির আলমগীরের মৃত্যু সংবাদ জানার পরই নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে সেক্টর কমান্ডারস ফোরাম যুক্তরাষ্ট্র শাখা এই শোক সভার আয়োজন করে।
কণ্ঠযোদ্ধা ফকির আলমগীরের মৃত্যু গভীর শোক প্রকাশ করলেন একাত্তরের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুই সহযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান। অশ্রুসিক্ত কণ্ঠে তারা উল্লেখ করেন, করোনার থাবায় প্রথিতযশা শিল্পী-সাংস্কৃতিক কর্মীরা হারিয়ে যাচ্ছেন। ফকির আলমগীরের মতো সজীব একজন মানুষও রক্ষা পেলেন না এই মহামারির কবল থেকে।একাত্তরের দিনগুলো ছাড়াও পরবর্তী সময়ে ফকিরের স্মৃতিচারণ করেন এই দুই কণ্ঠযোদ্ধা।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। ফকির আলমগীরে স্মৃতিচারণের পর তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আরও বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখারযুগ্ম সম্পাদক আব্দুল কাদের মিয়া এবং নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা লাবলু আনসার।
বিশিষ্টজনদের মধ্যে আরও ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধাআবুল বাসার চুন্নু, নির্বাহী সদস্য শামীম আকতার শরিফ, আওয়ামী লীগ নেতা নাজিমউদ্দিনএবং এ টি এম মাসুদ। অনুষ্ঠানে সদ্য প্রয়াত এই কণ্ঠযোদ্ধার প্রতি সম্মান জানাতে সকলে একমিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন। সবশেষে বিশেষ মোনাজাতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ফকির আলমগীরসহ অন্য সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।