
শ্রীলঙ্কার ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি পিটিআই
সন্ধান২৪.কমঃ এশিয়া কাপের সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে পথুম নিসঙ্কের অর্ধশতরানে ভর করে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে দিল শ্রীলঙ্কা। অসাধারণ খেললেন ওপেনার পথুম নিসঙ্ক। অর্ধশতরান করলেন তিনি।
আগেই দু’দল ফাইনালে উঠে যাওয়ায় শুক্রবারের ম্যাচ ছিল নিয়মরক্ষার। সেখানে এক সময় বিপদে পড়েও পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে দিল শ্রীলঙ্কা।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তান। মহম্মদ রিজওয়ান এবং বাবর আজম শুরুটা খারাপ করেননি। তবে খারাপ শট খেলে উইকেট খোয়ান রিজওয়ান। প্রমোদ মদুশানের বল পাক উইকেটকিপারের ব্যাটের কানায় লেগে শূন্যে উঠে যায়। অনায়াসে ক্যাচ ধরেন উইকেটকিপার কুশল মেন্ডিস। ফখর জমান যোগ দেন অধিনায়ক বাবর আজমের সঙ্গে। প্রাথমিক ধাক্কা সামলালেও রান তোলার গতি অনেক কমে যায়।
দশম ওভারে করুণারত্নের বলে ফিরে যান জমান (১৩)। ভাল খেলতে থাকা বাবর (৩০) পরের ওভারে ফিরতেই পাকিস্তানের ইনিংসে ধস নামে। পরের দিকে যাঁরা এসেছেন ক্রিজে, একমাত্র মহম্মদ নওয়াজ (২৬) বাদে কেউ দাঁড়াতে পারেননি। শ্রীলঙ্কার বোলাররা দুরন্ত বোলিং করলেন। তিন উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসরঙ্গ। যে বলটিতে তিনি ইফতিকার আহমেদকে আউট করলেন, তা বহু দিন মনে থাকতে বাধ্য। দু’টি করে উইকেট নিয়েছেন মাহিশ থিকশানা এবং প্রমোদ মদুশনের।
বল করতে নেমে শুরুটা দুর্দান্ত করে পাকিস্তান। দ্বিতীয় বলেই ফিরে যান মেন্ডিস। পরের ওভারেই আউট দানুষ্কা গুণতিলকা। পঞ্চম ওভারে আউট হন ধনঞ্জয় ডি’সিলভা। ২৯ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে শ্রীলঙ্কা। বিপর্যয় বাঁচান ওপেনার পাথুম নিসঙ্ক এবং ভানুকা রাজাপক্ষ। দু’জনে মিলে চতুর্থ উইকেটে যোগ করেন ৫১ রান। ব্যক্তিগত ২৪ রানের মাথায় রাজাপক্ষ ফেরার পর শ্রীলঙ্কার ইনিংসকে এগিয়ে নিয়ে যান নিসঙ্ক এবং অধিনায়ক দাসুন শনাকা।


