এভারেস্টের হিমশীতল বরফ ছুঁয়ে দেখা হলো না রেশমার

রেশমা নাহার রত্না

সন্ধান২৪.কম : ইচ্ছে ও স্বপ্ন দুটোই ছিল, একদিন এভারেস্টের চূড়ায় উঠবেন । কিন্তু গাড়িচাপায় শেষ হলো সব স্বপ্ন আর ইচ্ছে । রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় শুক্রবার সকালে গাড়িচাপায় প্রাণ হারান বাংলাদেশের এক সম্ভবনার নাম রেশমা নাহার রত্না।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল রেশমাকে  মৃত ঘোষণা করেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  বলেন, সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। রেশমা সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যানের লেক রোড ধরে গণভবনমুখী সড়কে দিয়ে এগোচ্ছিলেন। চন্দ্রিমায় ঢোকার ব্রিজের সামনের সড়কে একটি মাইক্রোবাস তাঁকে চাপা দেয়। এতে তাঁর মাথায় আঘাত লাগে। পথচারীরা উদ্ধার করে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলের আশপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে এমন তথ্য পাওয়া গেছে। এসব ভিডিও ফুটেজ দেখে গাড়ি শনাক্ত করে মাইক্রোবাসের চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।  মামলা প্রক্রিয়াধীন।

এভারেস্টের চূড়ায় ওঠার স্বপ্ন দেখেছিলেন । বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠচক্রের নিয়মিত সদস্য ছিলেন তিনি। গান, আবৃত্তিতেও অংশ নিতেন নিয়মিত। সাইকেল চালিয়ে রমনায় গিয়ে শরীর চর্চা করতেন। এরপর হাতিরঝিলে কয়েক চক্কর দিয়ে সাইকেলেই বাসায় ফিরতেন। প্রতিদিনের মতো গতকাল শুক্রবার সকালেও সাইকেলে বাসায় ফিরছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে লাশ হয়ে ফিরতে হলো। এভাবে সড়কে পিষ্ট হয় পর্বতারোহী রত্নার (৩৩) এভারেস্টের চূড়ায় ওঠার স্বপ্ন।  

রত্না শিক্ষকতা করতেন নিউ মার্কেটের পাশে আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলটির প্রধান শিক্ষক সাইদা আক্তার কালের কণ্ঠকে বলেন, ‘গত রাতেই মেসেঞ্জার গ্রুপে রত্নার সঙ্গে কথা হয়। তিনি শনিবার স্কুলে আসতে চেয়েছিলেন। স্কুলের শিক্ষার্থীদের কাছে তিনি খুবই জনপ্রিয় ছিলেন। এত কম বয়সে তাঁর এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছি না।’

জানা গেছে, নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে গত বছর উচ্চতর পর্বতারোহণ কোর্স সম্পন্ন করেন রত্না। তার কিছুদিন পর লাদাখে দুটি ছয় হাজার মিটার পর্বতারোহণ করেন তিনি। বাংলাদেশের কেওকারাডংয়ে ওঠার মধ্য দিয়ে রেশমা নিজের পর্বতারোহণ অভিযান শুরু করেন। আফ্রিকার কিলিমাঞ্জারো ও মাউন্ট কেনিয়া জয়ের জন্যও গিয়েছিলেন তিনি।

 

Exit mobile version