সন্ধান২৪.কম ডেস্ক : ইরানের সঙ্গে চরম উত্তেজনার মধ্যেই এবার লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় রোববার ভোরে পূর্ব লেবাননে এ বিমান হামলা চালানো হয়।
সিরিয়ার সীমান্তবর্তী জনতা গ্রামে হিজবুল্লাহর একটি প্রশিক্ষণ শিবিরকে লক্ষ্য করে হামলাগুলো চালিয়েছে ইসরায়েল। সূত্রের দেয়া তথ্য অনুযায়ী, একটি হামলার লক্ষ্য ছিল পূর্বাঞ্চলীয় বালবেকের কাছে সাফরি শহরে। তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি- লেবাননের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে।
এর আগে শনিবার লেবাননের ওপর ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় লেবাননের ভূখণ্ডে হার্মিস ৯০০ টাইপ ইসরায়েলি সেনাবাহিনীর একটি ড্রোন গুলি করে ভূপাতিত করে হিজবুল্লাহ যোদ্ধারা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া একটি পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচায়ে আদ্রেই বলেছেন, ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে ড্রোনটি লেবাননের ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।


