সমুদ্রে তলিয়ে গেলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল

সন্ধান২৪.কম ডেস্ক ঃপশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় মারা গেছেন। ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত এই অভিনেতার মৃত্যুর খবর পশ্চীমবঙ্গে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। জানা যাচ্ছে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শ্যুটিং করতে তালসারি গিয়েছিলেন অভিনেতা।

জানা যায়, রোববার পশ্চিমবঙ্গের তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন ৪৩ বছর বয়সী এই অভিনেতা। শুটিংয়ের একপর্যায়ে সমুদ্রে নামেন তিনি। পরে হঠাৎ তলিয়ে গেলে সেটে থাকা টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

তবে দুর্ঘটনাটি ঠিক কী ভাবে ঘটল সেই বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিতভাবে কিছুই জানা যায়নি। রাহুলের আকষ্মিক মৃত্যুতে টলি পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যেই তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সহ অভিনেতা এবং অনুরাগীরা।

ধারাবাহিকে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ধারাবাহিকের সকলে তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন। ভাস্করের কথায়, “জলে ডুবে মৃত্যু হয়েছে ওঁর। মর্মান্তিক ঘটনা। ঘটনাটি প্যাক আপের পরে ঘটেছে। তবে ঠিক কী ভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।” শোনা যাচ্ছে, বেশ কিছু ক্ষণ জলের তলায় ছিলেন তিনি। অনেকটা সময় পেরিয়ে গেলেও তিনি না ফেরায় তখন তাঁকে আনতে যাওয়া হয়।

ভাস্কর আরও জানান, তাঁরা শুটিং করে মধ্যাহ্নভোজ করতে গিয়েছিলেন। রাহুল আরও কয়েকটি শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন। “কিন্তু এমন কিছু ঘটে যাবে ভাবতেও পারছি না। অবাক লাগছে। সুস্থ তরতাজা মানুষ এ ভাবে চলে গেল। ভাবা যাচ্ছে না।”

আর্টিস্ট ফোরামের তরফে অভিনেতা দিগন্ত বাগচী জানিয়েছেন, শুটিং শেষ হওয়ার পরে তিনি জলে নামেন। তিনি বলেন, “হয় ও সাঁতার জানত না, বা কোনও ভাবে আটকে পড়েছিল। হঠাৎ টেকনিশিয়নরা চিৎকার করতে করতে বলেন, ‘রাহুলদা ডুবে যাচ্ছে’। যখন উদ্ধার করা হয়, তখনও বেঁচে ছিল। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওকে মৃত ঘোষণা করা হয়।”

ব্যক্তিগত জীবনে ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন রাহুল। ২০১৭ সাল থেকে তারা আলাদা থাকতে শুরু করেন এবং পরে বিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান সহজ। সম্প্রতি ‘সহজকথা’ নামে একটি পডকাস্ট শুরু করেছিলেন রাহুল, যা বেশ আলোচিত হয়।

 

 

Exit mobile version