সন্ধান ২৪ ডট কম : মহান মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল (অব.) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে নিউইয়র্কে শোকসভা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে এই শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সভা সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
উপস্থিত নেতাকর্মীর মধ্যে শোক সভায় বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের হাজী এনাম, মোস্তফা আল্লামা, আজিজুল হক খোকন, নুরুজ্জামান সরদার, সৈয়দ কিবরিয়া, রাকিব হোসেন, হারুনূর রশিদ, সাবেক ছাত্রলীগ নেতা জেড. এ. জয়, হেলাল মিয়া, নান্টু মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে আবু ওসমান চৌধুরীর অসামান্য অবদান রয়েছে। এই যোদ্ধাকে জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেওয়া মানুষগুলো আমাদের মধ্যে থেকে একে একে বিদায় নিচ্ছেন। বঙ্গবন্ধুর আহ্বানে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন তাদের স্মৃতি সংরক্ষণ করা এখন জাতির দায়িত্ব।
সভায় সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল (অব.) আবু ওসমান চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইমাম কাজী কায়্যুম।
উল্লেখ্য, সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী গত শনিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
