সন্ধান২৪.কম : ফেডারেশন কাপের নবম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে গোলের বন্যায় নাস্তা নামুদ হলো মুক্তিযোদ্ধা সংসদ। ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত দুই দল সমান জায়গায় দাঁড়িয়েছিল। এরপর ৮ মিনিটেই পাল্টে যায় খেলার দৃশ্যপট। ৪-১ গোলের ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় মোহামেডান-মুক্তিযোদ্ধা। দুই দল সমানতালে লড়ে গেলেও শুরুর ৪১ মিনিট গোল পায়নি কোনো দলই। ৪২ মিনিটে প্রথম গোলটি করে মোহামেডানকে এগিয়ে দেন হাবীবুর। ১-০ সমীকরণ নিয়ে বিরতিতে যায় দুইদল। বিরতি থেকে ফিরে গোলের দেখা পাচ্ছিল না কেউই। গোল শোধে মরিয়া মুক্তি যোদ্ধা ৬৮ মিনিটে সাদা-কালো জার্সিধারীদের সঙ্গে সমতা আনে। একমাত্র গোলটি করেন আকবর আলী।
গোল শোধের স্বস্তি বেশিক্ষণ টেকেনি মুক্তিযোদ্ধার।মাত্র ৭ মিনিট পরেই গোল দিয়ে মোহামেডানকে এগিয়ে আতিকুজ্জামান। এরপর ৮০ ও ৮৩ মিনিটে জোড়া গোল করে মুক্তিযোদ্ধার কফিনে শেষ পেরেক ঠুকে দেন আবিওলা নুরাত। আবাহনীর বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর এই ম্যাচে জয় পেলো মোহামেডান। ঐতিহ্যবাহী দলটির পরের পর্বে যাওয়া নির্ভর করছে মুক্তিযোদ্ধা-আবাহনী ম্যাচের ওপর। ওই ম্যাচ ড্র হলেই উতরে যাবে মোহামেডান। আর মুক্তিযোদ্ধা বড় ব্যবধানে জিতলেই তবেই মোহামেডান বাদ পড়বে।
