ধসে চাপা পড়া মৃতদেহ উদ্ধার। ছবি: রয়টার্স
সন্ধান২৪.কম : মায়ানমারে একটি খনিতে ভয়াবহ ধসে মৃত্যু হল শতাধিক মানুষের। এখনও পর্যন্ত অন্তত ১১৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধসের নীচে চাপা পড়েছেন আরও অনেকে।
মায়ানমারের দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কাচিন প্রদেশের পাকান্ত এলাকার একটি জেড পাথরের খনিতে কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময় আচমকাই খনির বিশাল স্তূপাকার বর্জ্য একটি লেকের ধারে ধসে পড়ে। মায়ানমারের দমকল বিভাগের ফেসবুক পোস্টে জানানো হয়েছে, ধসের জেরে উপর থেকে প্রচণ্ড বেগে বিশাল কাদামাটির স্রোত নেমে আসে। তাতেই চাপা পড়েন প্রায় ২০০ শ্রমিক। এখনও পর্যন্ত ১১৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।
মায়ানমারের তথ্যমন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘‘অধিকাংশেরই মৃত্যু হয়েছে কাদার নীচে চাপা পড়ে। আরও অনেকে চাপা পড়ে আছেন। মৃতের সংখ্যা আরও বাড়বে।’’ সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে, পাহাড়ের উপরের দিক থেকে তীব্র বেগে কাদামাটির স্রোত নেমে আসতে দেখে যে যে দিকে পেরেছেন ছুটে পালানোর চেষ্টা করছেন। মুহূর্তের মধ্যেই সেই কাদামাটিতে চাপা পড়লেন অনেকে। অন্য ভিডিয়োতে দেখা গিয়েছে, বেঁচে যাওয়া শ্রমিকরাই পরে কাদামাটি ঘেঁটে চাপা পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।