সন্ধান২৪.কমঃ আফগানিস্তানের তালেবান বাহিনী নিজেদের শক্ত ঘাঁটি উত্তর-পূর্বাঞ্চল থেকে ক্রমশ পুরো দেশকেই নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইছে । তারা মধ্য দেশটির গজনী শহরটি ঘিরে ফেলেছে। সাধারণ মানুষজনের বাড়ি দখল করে সেখানে ঘাঁটি বানিয়ে আফগান সেনার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে তারা।

গজনীর প্রাদেশিক সরকার জানায়, ‘‘গজনীর পরিস্থিতি শোচনীয়। সাধারণ মানুষের বাড়িতে তালিবান ঘাঁটি গেড়ে রয়েছে। ফলে আফগান সেনাদের পক্ষে এই সব ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো কঠিন হয়ে পড়েছে।’’
অন্যদিকে, আমেরিকান সেনাবাহিনীর প্রধান অস্টিন মিলার গতকাল আনুষ্ঠানিক ভাবে আফগান সেনাবাহিনীকে ক্ষমতা হস্তান্তর করলেন । দু’দশক ধরে এই দেশের নিরাপত্তা দায়িত্বে থাকার পরে এই সেপ্টেম্বরে আফগানিস্তান থেকে পুরোপুরি চলে যাচ্ছে আমেরিকান সেনা। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণা করার পর থেকেই জোরকদমে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পশ্চিম এশিয়া সেন্ট্রাল কম্যান্ডের দায়িত্বপ্রাপ্ত জেনারেল কেনেথ ম্যাকেনজি গতকাল আমেরিকা থেকে কাবুলে এসেছেন । কাবুলে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘তালেবান গায়ের জোরে ক্ষমতা দখল করতে চাইছে। এটা খুবই দুশ্চিন্তার।’’ কাতারে তালিবান ও আফগান প্রশাসনের শীর্ষ স্তরে কথাবার্তা শুরু হয়েছে।


