সন্ধান২৪.কম : চট্টগ্রামের সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং ( সিআরবি ) বৃক্ষ নিধন করে হাসপাতাল করার সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এসেছে যুক্তরাষ্ট্র থেকে । ‘সচেতন নাগরিক সমাজ ও হেল্পিং হ্যান্ড ফর চিটাগনিয়ান ইন্ক’, নিউ ইয়র্ক‘ নামের দুটি সংগঠনের প্রতিবাদী কর্মসূচি থেকে এই ঘোষনা দেয়া হয়।

২৩ জুলােই শুক্রবার বিকালে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
প্রবাসী চট্টলাবাসী কামাল হোসেন মিঠুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য করেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ, সাংবাদিক মুহম্মদ ফজলুর রহমান, সাবিনা সাবরিন নিহার, আবুল কাশেম, আব্দুল কাদের মিয়া,রওশন হক,জন রিড, নজরুল ইসলাম, মীর কাদের রাশেল প্রমূখ। ছড়াকার মনজুর কাদের বৃক্ষ নিধনের প্রতিবাদে ছড়া পাঠ করেন ।


সচেতন নাগরিক সমাজ ও হেল্পিং হ্যান্ড ফর চিটাগনিয়ান ইন্ক’, নিউ ইয়র্ক আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন কলামিষ্ট শিতাংসু গুহ, সাবেক ছাত্রনেতা মুজাহিদ আনসারী, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক রনি সৈয়দ জাকির আহমেদ , সাংবাদিক তোফাজ্জল লিটন, নাট্যকর্মী শিবলী সাদিক, সাংবাদিক সনজীবন কুমার, সংগঠক জিয়া উদ্দিন, সাংস্কৃতিক কর্মী মিনহাজ আহম্মেদ সাম্মু, রবীন্দ্রনাথ সরকার প্রমূখ।
মানববন্ধনে বক্তরা বলেন “এ আন্দোলনে শুধু নিউ ইয়র্কে প্রবাসী চট্টগ্রামের মানুষ নয়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে সামিল হয়েছেন। সবাই বলেছেন সিআরবি রক্ষা করতে হবে চট্টগ্রামের স্বার্থে।
বক্তরা বলেন, চট্টগ্রামের মানুষ এখানে বেসরকারি হাসপাতাল চায় না। যতদিন হাসপাতাল নির্মাণের এ সিদ্ধান্ত প্রত্যাহার না হবে ততদিন নিউ ইর্য়কের প্রবাসী চট্টগ্রামবাসী এ আন্দোলন চালিয়ে যাবে । মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান এই সিআরবি হাসপাতাল করা যাবে না । ঐক্যবদ্ধভাবে চট্টগ্রামের স্বার্থে আমরা সবাই এই আন্দোলন এগিয়ে নিয়ে যাব।
বক্তারা আরও বলেন, ’ গাছ কেটে হাসপাতাল ও মেডিকেল কলেজ হলে চট্টগ্রামের ফুঁসফুঁস ধ্বংস হয়ে যাবে। প্রধানমন্ত্রীকে যদি সঠিক তথ্য জানানো যায় তাহলে তিনি এ প্রকল্প বাতিল করবেন।”


