সন্ধান২৪.কম: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই দুর্গোৎসবকে সামনে রেখে নিউইয়র্কে বিভিন্ন সংগঠন ও মন্দিরগুলোতে সকল প্রস্তুতি শেষ। এখন মহাষষ্ঠীর দিন দেবীকে আবাহন করার অপেক্ষায় ভক্তরা। আগামী ১১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত তিথী অনুযায়ী এবারের দুর্গা পূজা হচ্ছে।

পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুরুর তিথি মহালয়া। হিন্দু শাস্ত্রমতে মহালয়া তিথিতে দেবী দুর্গার মর্ত্যে (পৃথিবীতে) আমন্ত্রণ জানানো হয়। নিউইয়র্কে সেই মহালয়া হয়ে গেল ৬ অক্টোবর বুধবার। বিভিন্ন মন্দিরে ভোরে চন্ডীপাঠের মধ্য দিয়ে মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হয় দেবী দুর্গাকে। আর এর মধ্য দিয়েই শুরু হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
করোনার কারণে নিউইয়র্কে এবার বেশ কয়েটি প্রতিষ্ঠান পূজা বন্ধ রাখলেও, আবার তিন জায়গায় নতুন করে পূজা হচেছ। সব মিলে এবার নিউইয়র্কের কুইন্স, ব্রুকলিন ও ব্রঙ্কসে ১৭টি শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা হচ্ছে।
ওম শক্তি মন্দির, সার্বজনীন পূজা উদযাপন পরিষদ ইউএসএ ইনক, শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইউএসএ, উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ সংঘ জ্যামাইকা নিউইর্য়ক, আমেরিকান বাঙালী হিন্দু ফাউন্ডেশন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নিউইয়র্ক, হরিচাঁদ-গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন, বাংলাদেশ সেবা সংঘ নিউইয়কর্ , শ্রী শ্রী রাধামাধম মন্দিরসহ আরো বেশ কয়েকটি মন্দির এবং কমিউনিটি সেন্টারে পুজা হচ্ছে।

দেবী দুর্গার আগমন বা গমন নির্ভর করে সপ্তমী এবং দশমী তিথি কোন বার তার উপর। যেমন সপ্তমী বা দশমী তিথি রবিবার বা সোমবার হলে গজে আগমন বা গমন নির্দেশ করে। সপ্তমী বা দশমী তিথি মঙ্গলবার বা শনিবার হলে ঘোটকে বা ঘোড়ায় আগমন বা গমন নির্দেশ করে। সপ্তমী তিথি বা দশমী তিথি বুধবার হলে নৌকায় আগমন বা গমন নির্দেশ করে। সপ্তমী তিথি বা দশমী তিথি বৃহস্পতিবার বা শুক্রবার হলে দোলায় আগমন বা গমন নির্দেশ করে। একই বাহনে আগমন এবং গমন অশুভ ইঙ্গিত।
এবার দেবী দুর্গার ঘোটকে আগমন। ফল ছত্রভঙ্গ এবং দেবীর দোলায় গমন ফল মরক। বর্তমান বছর আগমন এবং গমন উভয়ই খুব শুভ বার্তা দান করে না।


