সন্ধান২৪.কম ঃ নতুন প্রজন্মের একঝাঁক শিল্পী নিয়ে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করলো শিল্পকলা একাডেমী ইউএসএ ইন্ক।

গত ২৬ ডিসেম্বর, রবিবার, সন্ধ্যা ৭ টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউ এবং ৭৭ স্ট্রীটে জুইস সেন্টারে এই অনুষ্ঠানে ছিল আলোচনা, সম্মাননা পত্র প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে শিল্পকলা একাডেমীর শিশু শিল্পীদের নিয়ে সংগঠনের অন্যান্য শিল্পীরা দুইদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন।

সংগঠনের সভাপতি মনিকা রায় চৌধুরীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য করেন সংগঠনের সহ সভাপতি মিলন কুমার রায়। এরপর আলোচনায় অংশ নেন অনুষ্ঠানের প্রধান অতিথি এটর্ণী মঈন চৌধুরী, মুক্তিযোদ্ধা শওকত আকরব রচি,মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, রাজনীতিক শাহানা মমতাজ, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা আব্দুর রহিম হাওলাদার, মোহাম্মদ আলী প্রমূখ।

মুক্তিযোদ্ধাদের শিল্পকলা একাডেমীর মনোগ্রাম সম্বলিত সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। এ সময় মুক্তিযোদ্ধারা একাত্তরের রণাঙ্গনের স্মৃতিচারণ করে বলেন, একটি বৈষম্যহীন ও শোষন মুক্ত অসাম্প্রদায়িক দেশ গড়তেই মুক্তিযোদ্ধারা জীবন বাজী রেখে যুদ্ধ করেছিল। আজ স্বাধীনতার ৫০ বছর পরের যুদ্ধের সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য মানুষদেল লড়তে হচ্ছে।
অন্যান্য বক্তরা, প্রবাসে বেড়ে উঠা ছেলে-মেয়েদের কন্ঠে বাংলা কথা আর গান শুনে বলেন, এই শিশুরাই ভবিষ্যতে বাংলাদেশ,পাশ্চাত্য আর প্রাশ্চ্যের মাঝে বাংলা সংস্কৃতির সেঁতু গড়ে তুলবে। এদেরকে প্রবাসে সাহিত্য-সংস্কৃতি চর্চার মধ্যে রাখলে এরাই বাংলার হাজার বছরের ঐতিহ্যকে বিশ্বে তুলে ধরবে।
শিল্পকলা একাডেমী ইউএসএ ইন্ র একঝাঁক শিশুদের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন চন্দন চৌধুরী, মনিকা রায় চৌধুরী, মিলন কুমার রায়, মোহর খান, তৈহিদ আহমেদ প্রিন্স, ফরহাদ আদনান, কনিকা দাশ, রুনা রায় প্রমুখ।


