সন্ধান ২৪.কম:আম্পায়ারকে মেজাজ দেখিয়ে জরিমান গুনতে হলো জাতীয় দলের উইটেককিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে।
চলতি বিপিএলে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছেন না বরিশালের হয়ে খেলা নুরুল হাসান সোহান। টপ অর্ডারে খেলার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি।
মাঠে পারফরম্যান্সে ব্যর্থ নুরুল হাসান আম্পায়ারকে মেজাজ দেখিয়ে পেলেন শাস্তি। তাকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি রকিবুল হাসান।
শুধু তাই নয়, তার নামের পাশে যোগ হয় দুটি ডিমেরিট পয়েন্ট। বিপিএলে চারটি ডিমেরিট পেলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হয়।
বুধবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের দিন এ কাণ্ড ঘটান সোহান।
বুধবার সিলেট স্টেডিয়ামে সিলেটের মুখোমুখি হয় বরিশাল। এদিন আগে ব্যাট করে ৪ উইকেটে ১৯৯ রান করে বরিশাল। ২০০ রানের লক্ষ্য তাড়ায় ১৪তম ওভারে ছুটছিল সিলেট। সাকিব আল হাসানের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে ব্যাটে লাগাতে পারেননি রবি বোপারা। বল গ্লাভসে জমাতে পারেননি সোহান। বল ব্যাটসম্যানের প্যাডে লেগে স্টাম্পে লাগে।
মাঠের আম্পায়ার থার্ড আম্পায়ার কল করতে একটু সময় নিচ্ছিলেন। তখন উইকেটকিপার সোহান অনেকটা তেড়ে যাওয়ার মতো করে তাকে হাত দিয়ে থার্ড আম্পায়ার কল করার ইশারা দেন। এ সময় কিছু কথাও বলেন তিনি, শরীরী ভাষাও ছিল বাজে।
খেলা শেষে ম্যাচ রেফারি রকিবুল হাসানের দেওয়া শাস্তি মেনে নেন সোহান। তাই আনুষ্ঠানিক শুনানির কোনো প্রয়োজন পড়েনি। ম্যাচে ১২ রানে জয় পায় বরিশাল।


