রিমান্ডের দ্বিতীয় দিনে নিজের অপকর্মের জন্য এভাবে অনুতপ্ত হয়েছেন ডা. সাবরিনা। পাশাপাশি তাঁকে যারা এ কাজে ব্যবহার করেছে তাদেরও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। সরকারের কাছ থেকে বিনা মূল্যে নমুনা সংগ্রহের অনুমতি নিয়ে বুকিং বিডি ও হেলথকেয়ার নামে দুটি সাইটের মাধ্যমে টাকা নেওয়া এবং নমুনা পরীক্ষা ছাড়াই ভুয়া সনদ জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক ডা. সাবরিনা চৌধুরীকে জিজ্ঞাসাবাদকারী ডিবির এক কর্মকর্তা বলেন, রিমান্ডের দ্বিতীয় দিনে জিজ্ঞাসাবাদে ডা. সাবরিনা এমন আরো অনেক কথা বলছেন। বিশেষ করে ডা. সাবরিনার মোবাইল কল লিস্ট ধরে তদন্ত করা হচ্ছে। ডা. সাবরিনাকে গ্রেপ্তারের পর তাঁর মোবাইল ফোনটি জব্দ করে দেখা গেছে, করোনার মতো স্পর্শকাতর বিষয়ে অনেক প্রভাবশালী লোকজন তাঁকে এ অপকর্মে সহযোগিতা করেছেন।
ডিবি সূত্র জানায়, ডা. সাবরিনাকে আসামি করে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা মামলার তদন্তভার পেয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল মঙ্গলবার সকালে তাঁকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জানতে চাইলে ডিবির যুগ্ম কমিশনার (জেসি) মাহবুব আলম গতকাল সকালে কালের কণ্ঠকে বলেন, মামলাটি গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামি ডা. সাবরিনাকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।


