যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে একটি কারখানায় সহকর্মীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন।
পরে ২৩ বছর বয়সি ওই বন্দুকধারীর গুলিতে পুলিশের এক সদস্যও গুরুতর আহত হন। খবর রয়টার্স ও আনাদোলুর।
বৃহস্পতিবার মেরিল্যান্ডের উত্তরাঞ্চলে স্মিথসবার্গের কলম্বিয়া মেশিন কারখানায় এ গুলির ঘটনা ঘটে।
পুলিশের সঙ্গে গোলাগুলির পর ওই বন্দুকধারীকে আটক করা হয়ছে। তবে ওই বন্দুকধারীর নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
যুক্তরাষ্ট্রে সম্প্রতি একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে। গত মাসে ১৮ বছর বয়সি এক বন্দুকধারী টেক্সাসের একটি প্রাথমিক স্কুলে ঢুকে গুলি চালিয়ে ১৯ শিশু ও দু্ই শিক্ষককে হত্যা করে।
টেক্সাসের এ ঘটনার পাশাপাশি নিউইয়র্কের বাফেলোতে একটি সুপারমার্কেটে বন্দুকধারীর নির্বিচার গুলিতে ১০ জন নিহতের ঘটনা মার্কিন কংগ্রেসকে কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন কার্যকরে নতুন প্রচেষ্টার দিকে ধাবিত করেছে।


