দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরে গিয়েছিল ভারত। সিরিজের প্রথম ম্যাচে সহজে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ভারতকে নাকানিচুবানি দিয়েছে স্বাগতিক আয়ারল্যান্ড। জয়ের জন্য শেষ ওভারে আইরিশদের দরকার ছিল ১৭ রান।
ভারতের দেওয়া ২২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই আইরিশ ওপেনার ৫.৪ ওভারে তোলেন ৭২ রান। জুটি ভাঙে ১৮ বলে ৪০ রান করে রবি বিষ্ণইর বলে বোল্ড করে পল স্টার্লিংয়ের বিদায়ে।
এরপর গ্যারেথ ডেনলিকে সাজঘরে ফিরতে হয় রানআউট হয়ে, খাতা খোলার আগেই। পরপর দুই উইকেট হারালেও হ্যারি টেক্টরকে নিয়ে ৪৪ রানের জুটি বাঁধেন অ্যান্ডি বিলবার্নি।
ভারতীয় বোলারদের ওপর জেঁকে বসা বিলবার্নি যখন একের পর এক চার-ছক্কা হাঁকাচ্ছিলেন, তখনই হার্শাল প্যাটেলের আঘাত। ৩৭ বলে ৩টি চার ও ৭ ছক্কায় ৬০ রান করে অ্যান্ডি বিলবার্নি ফেরেন ক্যাচ দিয়ে।
এরপর লরকান টাকার ৫ রানে ফিরলেও জর্জ ডকরেল ও মার্ক অ্যাদিরের জুটিতে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় স্বাগতিকরা। শেষ ওভারে ১৭ রান তোলার লক্ষ্যে উমরান মালিক প্রথম বলে দেননি কোনো রান। পরের বলটা নো বল করেন। এরপর টানা দুই বলে দুটি চার মারেন অ্যাদির। তৃতীয় বলে প্রান্ত পরিবর্তন করে। পঞ্চম বলে লেগ বাই থেকে ১ রান আসলে শেষ বলে জয়ের জন্য লাগে ৫ রান। তবে স্ট্রাইকে থাকা অ্যাদির উমরানের বলটা ঠিকঠাক বুঝে উঠতে পারেননি, ১ রান নিলে ৪ রানের হার নিয়ে ছাড়েন মাঠ।
ভারতের পক্ষে ১ উইকেট করে নেন ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, রবি বিষ্ণই ও উমরান মালিক।
এর আগে, ডাবলিনের মালাহাইডে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার সাঞ্জু স্যামসনের ৪২ বলে ৭৭ রানের ইনিংসের পর দীপক হুডার ৫৭ বলে ৯টি চার ও ৬ ছক্কায় ১০৪ রানের বিস্ফোরক ইনিংসে ৭ উইকেটে ২২৫ রান তোলে ভারত।
আইরিশদের পক্ষে ৩ উইকেট নেন মার্ক অ্যাদির। ২টি করে উইকেট নেন জশ লিটল ও ক্রেইগ ইয়ং।


