সন্ধান২৪.কম ডেস্ক : ভারতের অযোধ্যায় রামমন্দিরের আসন্ন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রশ্ন উঠে গেল। বৃহস্পতিবার খবর এসেছে, অস্থায়ী রামমন্দিরের অন্যতম পুরোহিতসহ মন্দির চত্বরে মোতায়েন ১৪ জন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে আগামী ৫ আগস্ট প্রধানমন্ত্রীসহ বহু গণ্যমান্যের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকা ঘিরে সংশয় দেখা দিয়েছে।


এখন পর্যন্ত ঠিক আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ, বিজেপির নবতিপর নেতা লালকৃষ্ণ আধবানি, মুরলী মনোহর যোশিসহ অন্তত ২০০ জন অতিথি ওই অনুষ্ঠানে যোগ দেবেন। কিন্তু প্রধানমন্ত্রীর যাত্রা নির্ভর করছে স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সবুজ সংকেতের ওপর।
রাম জন্মভূমি ট্রাস্ট থেকে বলা হয়েছে , আক্রান্ত পুরোহিতের নাম প্রদীপ দাস। তিনি প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসের প্রধান সহকারী। গত শনিবার মুখ্যমন্ত্রী আদিত্যনাথের মন্দির ভ্রমণের সময় তিনি সারাক্ষণ তাঁর পাশে ছিলেন। ট্রাস্ট জানায়, প্রধান পুরোহিতেরও নমুনা পরীক্ষা হয়েছে। তিনি সুস্থ।
কয়েক দিন ধরে ভারতে দৈনিক ৪৭ থেকে ৪৮ হাজার নতুন রোগীর সন্ধান পাওয়া যাচ্ছিল। বুধ–বৃহস্পতিবার তা একলাফে ৫ হাজার বেড়ে ৫২ হাজার পেরিয়ে যায়। মৃত্যু হয় ৭৭৫ জনের। দৈনিক মৃত্যু ও সংক্রমণের সংখ্যায় এখন পর্যন্ত এটাই সর্বাধিক। এর ফলে ভারতে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল পৌনে ১৬ লাখ। মাত্র ১৩ দিন সময় নিয়েছে সংক্রমণ ১০ থেকে পৌনে ১৬ লাখে পৌঁছাতে।


