সন্ধান২৪.কমঃ বাংলাদেশের বিভিন্ন এলাকায় অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশাচালকদের গলা কেটে হত্যা করার বেশ কিছু ঘটনা ঘটেছে। এই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলো- খালেদ খান, মো. টিপু, মো. হাসানুল ইসলাম হাসান, মো. জাহাঙ্গীর হোসেন, আবদুল মজিদ ও মো. সুমন। ডিবি বলছে, গ্রেপ্তারকৃতরা পেশাদার খুনি ও ডাকাত চক্র।

গত শনিবার মিন্টো রোডে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ সাংবাদিকদের বলেছেন, ১৭ ডিসেম্বর এই চক্রের সদস্যরা যাত্রী সেজে অটোরিকশাচালককে নির্জন স্থানে নিয়ে খুন করে। পরে তারা অটোরিকশা বিক্রি করে দেয়।
এ ছাড়া তারা আরও একটি খুনে জড়িত থাকার কথা স্বীকার করেছে । ২৫ ডিসেম্বর পূর্বাচল এলাকায় জিহাদ নামে আরেক অটোরিকশাচালককে খুন করে একই গ্রুপ।
হারুন অর রশীদ বলেন, প্রযুক্তির সহায়তায় মোস্তফা খুনে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজার থেকে প্রথমে গ্রেপ্তার করা হয় খালেদ খানকে। পরে তার দেখানো মতো মোস্তফার মোবাইল ফোনটি জব্দ করা হয়। পরে একে একে গ্রেপ্তার করা হয় টিপু, হাসানুল, জাহাঙ্গীর ও মজিদকে।
মোস্তফার বৃদ্ধ বাবা গিয়াস উদ্দিন বলেন, যারা তার ছেলেকে বিনা দোষে খুন করেছে, তিনি তাদের ফাঁসি চান। আর কোনো বাবা-মায়ের বুক যেন খালি না হয়।


