সন্ধান২৪.কম : এ বার ইউরোপের ধনীতম ব্যবসায়ী ফ্রান্সের বার্নার্ড আর্নল্টকে পিছনে ফেলে বিশ্ব তালিকায় চার নম্বরে উঠে এলেন মুকেশ অম্বানী। সপ্তাহ তিনেক আগেই মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেটকে ছাপিয়ে বিশ্বের ধনীদের তালিকায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার পাঁচ নম্বরে উঠে এসেছিলেন। শনিবার ফের তাঁর উত্তরণ!
চলতি বছরে মুকেশের শিল্পগোষ্ঠীর সংগৃহীত সম্পদের মোট পরিমাণ প্রায় ২,২০০ কোটি ডলার। আর সম্পদের মোট পরিমাণ প্রায় ৮,০৬০ কোটি ডলার। করোনা পরিস্থিতির কয়েক মাস পর থেকে তেলের চাহিদা বাড়ার কারণেই মুকেশের জ্বালানি সাম্রাজ্যের শেয়ার বেড়েছে। তাঁর সংস্থায় ডিজিটাল ইউনিটে ফেসবুক, গুগল-সহ বিভিন্ন সংস্থার বিনিয়োগও দ্রুত বাড়ছে। আর তাই সম্পদের দৌড়ে ক্রমশ এগিয়ে চলেছেন তিনি।
ফোর্বস ‘রিয়েল টাইম বিলিয়নেয়ার্স লিস্ট’ অনুযায়ী জুলাই মাসের তৃতীয় সপ্তাহে মুকেশের সংস্থার মোট সম্পদের পরিমাণ ছিল সাড়ে সাত হাজার কোটি মার্কিন ডলার। তাঁর উপরেই ছিলেন ফেসবুক-হোয়াটসঅ্যাপ কর্ণধার মার্ক জাকারবার্গ। তাঁর সম্পত্তি আট হাজার ৯০০ কোটি মার্কিন ডলার। ১৮ হাজার ৫৮০ কোটি মার্কিন ডলার সম্পত্তির মালিক তালিকায় শীর্ষে ছিলেন অ্যামাজনের কর্ণধার জেফ বেজোস।


