সন্ধান২৪.কম : নিউইর্য়কে নভেল করোনা ভাইরাসে মৃত ২৩৬ জনের বাঙালী পরিবারকে আর্থিক অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশন। তারই অংশ হিসেব আজ ৪২টি পরিবারের হাতে সরাসরি ৫০০ ডালারের চেক হস্তান্তর করা হয়।
৯ আগষ্ট স্থানীয় সময় বিকেল ৫টা নিউইর্য়ক শহরের জ্যাকসন হাইটসের ৭০-৩২ ব্রডওয়ের ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে উপস্থিত ৪২টি পরিবারের হাতে চেক প্রদান করা হয়। বাকি চেকগুলো যে কোন সময় পরিবারের সদস্যরা এসে গ্রহন করতে পারবেন বলে জানালেন জাকির এইচ চৌধুরী।

চেক প্রদান অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য করেন জাকির এইচ ফাউন্ডেশনের প্রধান জাকির এইচ চৌধুরী, বিশিষ্ট রাজনীতিক জিল্লুর রহমান জিল্লু, আইনজীবি এন. মজুমদার,অধ্যাপক দোলোয়ার হোসেন, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা মোহাম্মদ কাশেম প্রমূখ। চেক প্রদানের সময় নিউইর্য়ক বাঙালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


চেক প্রদানের আগে জাকির এইচ চৌধুরী করোনাভাইরাস দুর্যোগ মোকাবেলায় বিত্তবানদের আরো বেশি সাহায্য করার আহ্বান জানিয়ে বলেন,নিউইর্য়কসহ দেশে-প্রবাসে অসহায়দের সহযোগিতায় আরও বেশি করে এগিয়ে আসুন,তাদের পাশে দাঁড়ান। তিনি আরও বলেন মৃত পরিবার বাদেও যদি কেউ বাসা ভাড়া দিতে অসমর্থ হন এবং খাদ্য সহায়তা চান তাদেরকেও এই ফাউন্ডেশনের মাধ্যমে সহযোগিতা করা হবে।
সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে জিল্লুর রহমান জিল্লু বলেন, করোনা এমন এক অদৃশ্য শক্তি যার কাছে সকলকে মাথা নত করতে হয়েছে। অনেক পরিবার অর্থনৈতিক ভাবে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে । তাই যারা পারেন নিজ নিজ জায়গা থেকে অসহায়দের সাহায্যের জন্য এগিয়ে আসুন।
মোহাম্মদ কাশেম বলেন, করোনার প্রভাবে আজ জীবন যাত্রা অচল। এমন ঘটনা পৃথিবীতে আর ঘটেনি। তবে, এর মধ্যেও অনেকেই যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তেমনি একটি প্রতিষ্ঠান জাকির এইচ ফাউন্ডেশন সংকটের সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ।
এন মজুমদার জাকির এইচ ফাউন্ডেশনের এই মহৎ কাজের প্রশংসা করে বলেন, নিউইর্য়কে অনেক বাঙালী মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে বসে আছেন, অথচ কোথাও কোন সাহায্য করছেন না । এই জাকির এইচ ফাউন্ডেশনের মত আমরা যদি আজ নিউইর্য়কের বাঙালী থাকতাম তা হলে মানুষের দূর্দশা অনেক কমে যেত।


