সন্ধান২৪.কম : ইন্দোনেশিয়ায় আবারো ভয়াবহভাবে জেগে উঠেছে আগ্নেয়গিরি মাউন্ট সিনাবাং। বিকট শব্দে জেগে উঠা আগ্নেয়গিরির ধোঁয়ায় আকাশ অন্ধকার হয়ে যায়। কয়েক মাইল বেগে ছড়িয়ে পড়ে ছাই।
সুমাত্রা দ্বীপে অবস্থিত আগ্নেয়গিরিটি শনিবার এবং সোমবার জেগে উঠে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, আরো অগ্ন্যুৎপাতের আশঙ্কা রয়েছে। আগ্নেয়গিরির আশেপাশের অঞ্চলে বিমান চলাচলে ব্যাহত হতে পারে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ৫ কিলোমিটার আকাশ ঢাকল কালো ছাইয়ে।

দ্বীপের এক কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, আগ্নেয়গিরির নিকটবর্তী কয়েকটি গ্রাম ছাইয়ে ঢেকে গেছে। ছাই ছড়িয়ে পড়েছে অনেক দূর পর্যন্ত। এতে স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছেন। প্রায় ৮ থেকে ৭০ ফুট উঁচু এই আগ্নেয়গিরি থেকে এখনও মাঝে মাঝে বিস্ফোরণ হচ্ছে। ইতোমধ্যেই আগ্নগিরি সংলগ্ন এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
৪০০ বছর ধরে এই আগ্নেয়গিরি ঘুমন্ত ছিলো। কিন্তু এক দশক আগে এটি জাগ্রত হওয়ার পর থেকে একাধিকবার ফেটে পড়েছে এই আগ্নেয়গিরি। কখনও কখনও ভয়ংকর রূপ নিয়েছে। বহু গ্রামবাসী স্থায়ীভাবে বাস্তুচ্যুত হয়েছে। ২০১৬ সালে পর এবার আবারো জেগে উঠল মাউন্ট সিনাবাং।
ইন্দোনেশিয়ার ভলক্যানোলজি অ্যান্ড জিওগ্রাফিক্যাল হ্যাজার্ড মিটিগেশন সেন্টারের এক কর্মকর্তা জানিয়েছেন, সবার জন্য সতর্কবার্তা জারি করা হচ্ছে। সিনাবাংয়ের কাছে রেড জোন এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। আগ্নেয়গিরির পাশে আগেই নো-গো জোন ঘোষণা করা হয়েছিল। সেখানে এখন কেউ বসবাস করে না। তবে কাছেই বসবাসকারী ছোট উপজাতি সম্প্রদায়ের গ্রাম নামান তেরান অগ্ন্যুত্পাতের কারণে ছাইয়ের আস্তরণে ঢেকে গেছে। ইত্তেফাক


