সন্ধান২৪.কম : চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হচ্ছে। অলৈকিক কিছু না ঘটলে সৌমিত্র চট্টোপাধ্যায়ের আর ফেরা হবে না – এমনই ধারণা করছেন ডাক্তার। অবস্থার আরও অবনতি, লাইফ সাপোর্টেও সাড়া দিচ্ছেন না সৌমিত্র। তার সমস্ত মাল্টি অর্গান অকার্যকর হয়ে গেছে।
অবস্থার কোনও উন্নতিই হয়নি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। গত ৩০ ঘণ্টার মধ্যে তাঁর শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। তাঁকে পুরোপুরি লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কিন্তু তাতেও তিনি ঠিকমতো সাড়া দিচ্ছেন না বলেই হাসপাতাল সূত্রে খবর।
শুক্রবার সৌমিত্রর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁর পর প্রায় ৩০ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও কোনও রকম উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসক অরিন্দম কর।
তিনি বলেন, “আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত ৪০ দিন ধরে সব রকম প্রচেষ্টা চালিয়েছি। তাঁর অবস্থা আরও সঙ্কটজনক হয়েছে। সৌমিত্রকে নিয়ে এখন অলৌকিকেই ভরসা করতে হবে আমাদের।” হাসপাতালে আসার জন্য সৌমিত্রর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।


