সন্ধান২৪.কম : ন্যাশভিলের একটি প্রাথমিক স্কুলে বন্দুকবাজের হামলার ৬ জনের মৃত্যুর ঘটনায় তোলপাড় শুরু হয়েছে গোটা আমেরিকায় । সেই ঘটনা সম্পর্কে এবার বিতর্কিত মন্তব্য করে আগুনে ঘি ঢাললেন রিপাবলিকান সিনেটর টিম বুরশেট। তিনি সাফ জানিয়ে দিলেন,যত কিছু আইন করিনা কেন,অপরাধীরা তো অপরাধীই থাকবে। তাই আইন বানিয়ে বন্দুকবাজের হামলা আটকানো সম্ভব নয়। বরং মানুষের মানসিকতা বদলের চেষ্টা করা যেতে পারে।
সোমবার মার্কিন স্কুলে হামলার পরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেন,“এটা মেনে নেওয়া যায় না। এই ঘটনায় আমেরিকার হৃদয় একেবারে ভেঙে গিয়েছে। কংগ্রেসের কাছে আমার আবেদন, অস্ত্র রাখার উপর নিষেধাজ্ঞা জারি করুন তাঁরা।” ইতিমধ্যেই অস্ত্র সংবরণের বেশ কয়েকটি বিল পাশ হয়েছে। তবে এখনও আইন প্রণয়ন করতে পারেনি মার্কিন কংগ্রেস।
লাগাতার বন্দুকবাজের তান্ডব রুখতে আইন প্রণয়ন নিয়ে প্রশ্ন করা হয় ডোনাল্ড ট্রাম্পের দলের সিনেটরকে। উত্তরে বুরশেট সাফ বলেন,“অপরাধীরা তো অপরাধীই থাকবে। গুলি চালিয়ে হিংসার ঘটনা আমরা ঠেকাতে পারব না। কারণ এই হিংসার বিষয়টি সরকার আটকাতে পারবে না। বরং মানুষের মানসিকতা যেন পালটানো যায়, আমরা সেদিকে নজর দিতে পারি।”
অন্যদিকে, স্কুলে হামলার ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই হামলার ছক কষেছিল আততায়ী। পাঁচটি দোকান ঘুরে নিজের লাইসেন্স দেখিয়ে মোট সাতরকমের বন্দুক কেনে সে। স্কুলের সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে ভয়াবহ হামলার দৃশ্য।
প্রসঙ্গত, বুরশেটের কেন্দ্র টেনেসিতেই সোমবারের হামলা ঘটেছে।


