সন্ধান২৪.কমঃ ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই ভয়াবহ ভাবে আমেরিকায় প্রতি দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। বিপুল সংখ্যক শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। যা দেখে চিকিৎসকরাও আশঙ্কার প্রহর গুনতে শুরু করেছেন। নিউইয়র্কের অবস্থাও তেমন ভালো না, সেখানেও শিশুরা যে হারে আক্রান্ত হচ্ছে,তা মারাত্মক চিন্তায় ফেলেছে ডাক্তারদের।
ম্যানহাটনে সমস্ত পাবলিক বিল্ডিং, মল, রেস্তোরাঁয় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কিছু পানশালা এবং রেস্তোরাঁয় বহু কর্মী একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে। তাই সেগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
যে সব স্টেটে জনসংখ্যা বেশি, সেখানে ক্রমেই বাড়ছে সংক্রমণ। বাড়ছে হাসপাতালে ভর্তির হার। দেশের সবথেকে জনবহুল স্টেট নিউ জার্সিতে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে হাসপাতালে ভর্তির হার বেড়েছে ৬০ শতাংশ। এভাবে চললে ভেঙে পড়তে পারে স্বাস্থ্য পরিষেবা।
এখন ওই স্টেটে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩,৬০৪ জন কোভিড রোগী। গত বছর এই সময় ওই স্টেটে হাসপাতালে ভর্তি ছিলেন এর থেকে ১২২ জন কম। গত ২৪ ঘণ্টায় এই স্টেটে কোভিডে মৃত্যু হয়েছে ৩৮ জনের। নিউ জার্সিতে এক দিনে আক্রান্ত হয়েছেন ২৭ হাজারেরও বেশি জন। গভর্নর ফিল মারফি নির্দেশ দিয়েছেন, বর্ষবরণের রাতে টিকা ছাড়া কোনও জমায়েতে অংশ নেওয়া যাবে না। জানুয়ারি থেকে রেস্তোরাঁ বা কনসার্টে ঢুকতে গেলেও টিকার শংসাপত্র দেখাতে হবে।
ফিলাডেলফিয়ার চিলড্রেনস হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক পল অফিট বলেন, “যে হারে শিশুরা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা ভেবেই শিউরে উঠছি।”
স্বাস্থ্য বিভাগের প্রকাশিত এক রিপোর্ট বলছে, ডিসেম্বরের ২২-২৮ তারিখের মধ্যে আমেরিকায় গড়ে ৩৭৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্তদের বয়স ১৭ এবং তার নীচে। সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, ওই সময়ের মধ্যে হাসপাতালে শিশুদের ভর্তির হার এক লাফে ৬৬ শতাংশে পৌঁছেছে। এর আগে সেপ্টেম্বরে প্রতি দিন গড়ে ৩৪২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল। কিন্তু ওমিক্রনের প্রভাবে এ বার সেই পরিসংখ্যানকেও ছাড়িয়ে যাওয়ায় প্রমাদ গুনছেন চিকিৎসকরা।
মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক মাইকেল ওস্টারহোম বলেন, “ নিউইয়র্কে শিশুদের মধ্যে নাটকীয় ভাবে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা।” আগামী মাসের মধ্যে নিউইয়র্কে সংক্রমণের বিপুল জোয়ার আসতে চলেছে সেই সতর্কবার্তা দিয়েছেন ওস্টারহোম।
আমেরিকায় দৈনিক সংক্রমণ ছ’লাখের কাছাকাছি। ২২-২৮ ডিসেম্বরের মধ্যে প্রতি দিন গড়ে ১০ হাজার ২০০ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতি যে আরও ভয়াবহ হবে তার সতর্কবার্তা দিয়েছেন চিকিৎসকরা।
ভয়াবহ পরিস্থিতি আমেরিকার ১৮টি স্টেটে। ওহায়ো, ওয়াশিংটন ডিসি-তে হাসপাতালে ভর্তির সংখ্যা এক লাফে ২৭ শতাংশ বেড়ে গিয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে সবাইকে বাধ্যতামূলক সব সময় মাস্ক পরার জন্য অনুরোধ জানানো হয়েছে। তা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে বলে হুশিয়ারী উচ্চারণ করেছে স্বাস্থ্য বিভাগ।


