সন্ধান২৪.কমঃ আমেরিকায় ফিলাডেলফিয়ায় বুধবার দিনে–দুপুরে ফের বন্দুকবাজ হামলা করেছে। একটি বাস ও স্থানীয় সাবওয়ে স্টেশনে হামলা চালায় বন্দুকবাজ। এই হামলায় আটজন আহত হয়েছেন। তার মধ্যে একজনের অবস্থা গুরুতর।

জানা গেছে ৭১ বছরের এক বৃদ্ধের পেটে ও দু’পায়ে গুরুতর আঘাত লেগেছে। শহরের এক হাসপাতালে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে দুটি বন্দুক ও ১৮ টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুর তিনটে নাগাদ হামলা চলে। উত্তর ফিলাডেলফিয়ার ফার্ন রকের অলনে ট্রান্সপোর্টেশন সেন্টারে ১৭ থেকে ৭১ বছর বয়সীদের উপর হামলা চালায় বন্দুকবাজ। ইতিমধ্যেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান শহরের পুলিশ কমিশনার ড্যানিয়েল আউটল। তবে হামলার মোটিভ সম্পর্কে কিছু জানানো হয়নি পুলিশের তরফে।


