সন্ধান২৪.কম: তালিবান স্পষ্ট জানিয়ে দিয়েছে , আফগানিস্তানে ৩১ অগস্টের ডেডলাইন পিছোচ্ছে না। আগামী মঙ্গলবারের মধ্যে সবাইকে সরিয়ে নেওয়ার কথা ফের একবার তাগাদা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে। যার ফলে সাধারণ আফগানরা দেশ ছাড়ার মরিয়া চেষ্টায় কাবুল বিমানবন্দরে ভিড় করছেন ।

কাবুল বিমানবন্দরে জড়ো হয়েছেন কাতারে কাতারে মানুষ, সেই দৃশ্য উপগ্রহের চিত্রে ধরা পড়েছে । সবমিলিয়ে কাবুলের পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর। বিমানবন্দরে ঢোকার সবকটি পথে গার্ড রেল বসিয়ে যাতায়াত নিয়ন্ত্রণ করছে তালিবান। বিমানবন্দরে ঢোকার মূল গেট বন্ধ করে দেওয়া হয়েছে বলেও খবর পাওয়া গেছে।
গত মঙ্গলবার তালিবান জানিয়েছে, আফগানিস্তানের নাগরিকদের দেশ ছাড়তে দেওয়া হবে না। মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ৩১ অগস্টের ডেডলাইন পিছিয়ে দেওয়ার প্রশ্ন নেই। ওরা নিজেদের লোক সরিয়ে নিয়ে যাক। কিন্তু একজন আফগান নাগরিককেও আমরা দেশ ছাড়তে দেব না। আর তারপরই কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হওয়া অসংখ্য মানুষের ভবিষ্যত নিয়ে নতুন করে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

প্রত্যেকেই মরিয়া হয়ে চাইছেন, যে ভাবে হোক তালিবানরাজ এড়িয়ে বাইরের কোনও দেশে পালাতে। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে, বিমানবন্দরের মধ্যে অপেক্ষা করার জন্য অস্থায়ী শামিয়ানা টাঙানো হয়েছে। অনেকে নিজেদের গাড়িতে বসে অপেক্ষা করছেন বিমানে ওঠার।


