আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে একের পর এক সেঞ্চুরি করে আলোচনায় ঝড় তুলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
ধারাবাহিক পারফরম্যান্সে ৭০টি সেঞ্চুরি করায় ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই ভবিষ্যতদ্বানী করেছেন শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরির রেকর্ড একমাত্র কোহলিই ভাঙতে পারেন।
কিন্তু ২০১৯ সালের নভেম্বরে কলকাতায় বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর থেকে টেস্টে সবশেষ ৩০ ইনিংসে ব্যাট করে সাতটি অর্ধশতক পেলেও তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেননি কোহলি।
ওয়ানডেতে ২০১৯ সালের ১৪ আগস্টের পর থেকে ২১ ম্যাচে ১০টি ফিফটির ইনিংস খেলেও সেঞ্চুরিতে পরিনত করতে পারেননি কোহলি।
টেস্ট এবং ওয়ানডেতে এমন নিম্নমূখী পারফরম্যান্সের কারণেই তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
ভারতে চলমান আইপিএলেও ব্যাট হাতেও অনুজ্জল কোহলি। পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪১ রানের ইনিংস খেলে দারুণ শুরুর পরও পরের দুই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়েলসের বিপক্ষে ১২ ও ৫ রানে আউট হন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এ অধিনায়ক।
কোহলিকে রানে ফিরতে উপযোগী পরামর্শ দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
ইউটিউবে ‘ভিইউস্পোর্ট স্ট্রিমিং’ চ্যানেলে কোহলিকে ব্যাটিং পরামর্শ দিয়ে ওয়াসিম আকরাম বলেন, আমার মনে হয় ইনিংসের শুরুতে কোহলির একটু ছড়িয়ে দাঁড়ানো উচিত। তাতে শুরুর কয়েকটা ওভারে ভেতরে ঢোকা ডেলিভারিগুলো খেলতে সুবিধা হবে। ইনসুইং ডেলিভারিগুলোও তার প্যাডে লাগবে না, সোজা ব্যাটে খেলতে পারবে। সে যদি মনে করে, বাঁহাতি বোলারদের বিপক্ষে খেলতে সমস্যা হচ্ছে, তাহলে এটা করতে পারে।
ওয়াসিম আকরাম আরও বলেন, কোহলির মতো কেউ প্রথম কয়েক ওভারে টিকে গেলে আমার মনে হয় না থামানো সহজ হবে।


