সন্ধান২৪.কমঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস ধুমড়ে-মুচড়ে গিয়ে ওই গাড়ির চালক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে নন্দলালপুরের রেল গেইটে এই ঘটনা ঘটে।
জানা যায়, বিকেল ৩টার সময় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রেন কমলাপুর রেলস্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ওই মাইক্রোবাসের বেসামরিক চালক আব্দুল জলিল (৩০) একাই চালিয়ে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে আসতে ফতুল্লার পাগলা এলাকায় যাচ্ছিলেন। নন্দলালপুর এলাকার রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেন এসে মাইক্রোবাসটি সংঘর্ষের মুখে পড়ে। চলমান ট্রেনটি মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে অন্তত ৪শ’ ফুট দূরে নিয়ে ফেলে। ওই সময় স্থানীয় লোকজন ছুটে এসে মাইক্রোবাস থেকে চালককে উদ্ধার করে পাগলা এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত চালকের শরীরের কিছু অংশে আঘাতপ্রাপ্ত হলেও তিনি বর্তমানে সুস্থ আছেন। ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) মেগা প্রকল্পে দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যদের যাতায়াতে (ঢাকা মেট্রো-চ: ১৯-৯১১১) নোয়া কোম্পানি মাইক্রোবাসটি ব্যবহৃত হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘নন্দলালপুর রেল গেইটের বিষয়ে আমরা রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানিয়েছি। সেখানে এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে।’


