২০২২ সালে ৫০৬ রান নিয়ে লিটন দাস বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। দেশে সেরা। শেষ দেড় বছর ধারাবাহিক টেস্ট ব্যাটিংয়ে। শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টে ২৪ রানে পাঁচ উইকেট হারানোর পরও মুশফিকুর রহিমের (১৭৫*) সঙ্গে লিটন দাসের (১৪১) ২৭২ রানের জুটিতে ধ্বংসস্তূপ থেকে প্রত্যাবর্তনের নতুন ইতিহাস লেখা হয়েছে। লিটন জানালেন, অনুশীলনে পরিবর্তন এনেছেন তিনি, জানেন কিভাবে টেস্ট খেলতে হয়। এও জানালেন, মুশফিকের সঙ্গে জুটি বাঁধতে তার অন্যরকম ভালোলাগা কাজ করে।
লিটন বলেন, ‘অনুশীলনের কৌশল পরিবর্তন করেছি। টেস্ট ক্রিকেটের ধরন এখন আমি বুঝি। জানি এই ফরম্যাটে কিভাবে খেলতে হবে। অ্যাশওয়েল প্রিন্সের (সাবেক ব্যাটিং কোচ) কথা কাজে দিয়েছে।’ লিটন যোগ করেন, ‘পরিবর্তন হয়েছে বলতে পারি, কী কী বদলেছি বলতে পারব না। এটা আমার ভেতরেই থাক।’ চট্টগ্রাম টেস্টে ১২ রানের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন। মিরপুরে সেই ভুল করেননি তিনি। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেছেন সাবলীল ব্যাটিংয়ে। বাংলাদেশের অষ্টম ব্যাটার হিসাবে দুই হাজার রানের মাইলফলকের (১৯৫৯) সামনে দাঁড়িয়ে লিটন বলেন, ‘প্রতিদিন শূন্য থেকে শুরু করতে হয়। চেষ্টা থাকে, সুযোগ থাকে প্রতিদিনই রান করার। এই ম্যাচেও সুযোগ ছিল। লক্ষ্য ছিল দলকে যতটা সম্ভব দেওয়া। আমি আর মুশফিক ভাই চাপের মুখে ব্যাটিং করেছি।’
তিনি বলেন, ‘মুশফিক ভাইয়ের সঙ্গে অনেক ম্যাচেই দেড়শ রানের জুটি হয়েছে। মিরপুরে লড়াইয়ে টিকে থাকতে হলে ৩০০ রান করতে হবে। টপঅর্ডার ব্যর্থ হওয়ার পর আমরা উইকেটে থাকার চেষ্টা করেছি। জানি, কিভাবে মুশফিক ভাইয়ের সঙ্গে খেলতে হয়।’


