সন্ধান২৪.কম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগে রাজধানীর লালবাগ থানার মামলার ছাত্র অধিকার পরিষদের তিন নেতাকে দুই দিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিরা হলেন- ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, নাজমুল হাসান সোহাগ ও সংগঠনের ঢাবি শাখার সহ-সভাপতি মো. নাজমুল হুদা।

বৃহস্পতিবার কারাগার আটক তিন আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর লালবাগ থানার মামলায় তদন্তকারী কর্মকর্তা প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। এসময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম তাদের জামিন আবেদন না মঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২০ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী নুরুল হক নুরসহ ৬ জনের বিরুদ্ধে লালবাগ থানায় এ মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে ধর্ষণে ‘সহায়তাকারী’ হিসেবে নুরের নাম উল্লেখ করা হয়।
মামলার প্রধান আসামি করা হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে। ঘটনাস্থল হিসেবে লালবাগ থানার নবাবগঞ্জ বড় মসজিদ রোডে হাসান আল মামুনের বাসার কথা উল্লেখ করা হয়েছে।


