সন্ধান২৪.কম : নাইজেরিয়ার রাজধানী আবুজায় বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদা ও অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালন করে।
১৫ আগস্ট সকালে আনুষ্ঠানিকভাবে সকালে হাইকমিশন চত্বরে মিশনের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে হাইকমিশনার মোঃ শামীম আহসান,এনডিসি জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

কর্মসূচির দ্বিতীয় পর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর পরিবারের শহিদ সদস্যবৃন্দের আত্মার মাগফেরাত কামনায় হাইকমিশনে বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পবিত্র কোরআন থেকে তেলওয়াত (কোরান খানী) করা হয়। সন্ধ্যায় আলোচনা সভা এবং দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। শুরুতে হাইকমিশনার, মিশনের কর্মকর্তা/কর্মচারী ও প্রবাসী বাংলাদেশীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পন করেন। জাতির পিতা, তাঁর পরিবারের শহিদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়। আলোচনা সভায় বক্তারা জাতির পিতার বর্ণাঢ্য জীবন ও অর্জন সম্পর্কে আলোকপাত করেন।
হাইকমিশনার মোঃ শামীম আহসান তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাঙালির প্রতিটি ন্যায়সংগত আন্দোলনে তাঁর অবিস্মরণীয় ভূমিকার কথা তুলে ধরেন। অসাধারণ মহানুভবতা, মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং রাজনৈতিক দুরদর্শিতা ও প্রজ্ঞার কারণে তিনি কিভাবে “বঙ্গবন্ধু” হিসেবে মানুষের হৃদয়ে স্থান করে নেন তা তিনি বিভিন্ন তথ্যসহ তুলে ধরেন। “মুজিব বর্ষ” যথাযথভাবে পালনের ব্যাপারেও তিনি মিশনের কর্মসূচির কথা উল্লেখ করেন। বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ, নাইজেরিয়ার অতিথিবৃন্দ ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।


