সন্ধান২৪.কমঃ স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সিরিজ বাঁচানোর এই লড়াইয়ে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা।
এর আগে ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডেতে রীতিমতো বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ দল। তাই এই ম্যাচটি বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানোর মঞ্চ। সঙ্গে সিরিজ হার এড়ানোর সুযোগ। সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই।
জিততেই হবে এমন সমীকরণ সামনে থাকলেও তামিম বাহিনীর সমস্ত মনোযোগ এখন ব্যাটসম্যানদের ঘিরে। কারণ প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতা ডুবিয়েছে সফরকারীদের। তাই লিটন-সৌম্যদের ব্যাটে রান দেখাই সবচেয়ে প্রার্থিত বিষয়। বোল্ট-জেমিসনদের দুরন্ত বোলিংয়ের বিপরীতে রানে ফেরার কঠিন চ্যালেঞ্জের মুখে এখন ব্যাটসম্যানরা।
আগের দিন অনুশীলন শেষে মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন জানিয়েছেন, ডানেডিনের হার ভুলে ক্রাইস্টচার্চে নতুন শুরু করতে চায় বাংলাদেশ। তবে তিনি স্পষ্টভাবে বলেছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো কিছু করতে হলে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে।
লড়াই করতে হলে অন্তত ২৬০-২৭০ রানের বিকল্প দেখছেন না তিনি। বলেন, ‘ব্যাটসম্যানদের আরেকটু দায়িত্বশীল হতে হবে। উপর থেকে নিচ পর্যন্ত- সবার জায়গা থেকে সেরাটা দিতে হবে। এখানে প্রথম ১০ ওভারেই ম্যাচ আমাদের হাত থেকে বের হয়ে যায় বিশেষ করে ব্যাটিংয়ে। নিউজিল্যান্ডের উইকেটে সাধারণত হাই-স্কোরিং ম্যাচ হয়। অবশ্যই আমাদের ২৬০-২৭০ না করলে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইট দেওয়াটা কঠিন। উইকেট যেমনই হোক, সেটির সঙ্গে আমাদের খাপ খাইয়ে নিতে হবে।’
প্রথম ওয়ানডে ম্যাচে একাদশে থাকা পেসার হাসান মাহমুদকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার বদলি একাদশে সুযোগ পেয়েছেন পেস অলরাউন্ডার সাইফুদ্দিন।


