নিউইয়র্ক সিটির সাবেক মেয়র বিল ডি ব্লাজিও নির্বাচনী রাজনীতি থেকে বিদায় নেয়ার ঘোষণা দিয়েছেন। গত বুধবার ব্রুকলিন পার্কস্লোপের বাসভবন থেকে টুইটারের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। তিনি কংগ্রেস নির্বাচনে প্রার্থী হওয়ার যে অভিপ্রায় ব্যক্ত করেছিলেন তা থেকে সরে দাঁড়াবার কথাও জানিয়েছেন।
ব্লাজিও’র ভাগ্যে শনির দশা লেগেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তার রাজনৈতিক আকাক্সক্ষার প্রতিটি পদক্ষেপে ভরাডুবি ঘটছে। আউট হচ্ছেন প্রতিটি বলেই। গত তিন বছরে আউট হলেন তিনবার। প্রেসিডেন্ট পদে নির্বাচন করার খায়েশ ছিল তার। ২০১৯ সালে নিউইয়র্ক সিটিতেই মেয়র হিসেবে তার জনপ্রিয়তা যখন শূন্যের কোঠায় তখন ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচন করার। কিন্তু ডেমোক্র্যাটিক প্রাইমারির আগেই অবস্থা অনুকূল নয় দেখে রণে ভঙ্গ দেন তিনি। তিনি ঘোষণা দিয়েছিলেন গভর্নর পদে নির্বাচন করার। মাস না যেতেই সরে পড়েন প্রাইমারির দৌড় থেকে। সর্বশেষ জুনের প্রথম ভাগে তিনি ইউএস কংগ্রেসের নিউইয়র্ক-১০ আসন থেকে নির্বাচনের ঘোষণা দেন। কিন্তু জরিপে দেখা যায় তার অবস্থান তলানীতে। তার এই নির্বাচনী এলাকা ছিল লোয়ার ম্যানহাটন ও ব্রুকলিনের কিছু এলাকা নিয়ে। তিনি বার্তায় বলেন, এই ঘোষণার মধ্য দিয়ে তার নির্বাচনী রাজনৈতিক জীবনের ইতি ঘটলো। তবে অন্য পথে জনগনের সেবায় নিয়েজিত থাকবেন। উল্লেখ্য ব্লাজিও বিভিন্ন সময়ে নির্বাচনের মাধ্যমেই সিটি কাউন্সিলম্যান, পাবলিক এডভোকেট ও সিটির মেয়র নির্বাচিত হয়েছিলেন।


