সন্ধান২৪.কম ঃ নির্বাচনে একই ইউনিয়নে এই চার প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাবার বিরুদ্ধে ছেলের লড়াই, আবার স্বামীর বিরুদ্ধে লড়ছেন স্ত্রী। আগামী ২১ জুন ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটযুদ্ধে দেখা যাবে তাদের। তারাসহ এই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাতজন। ইভিএম মেশিন ব্যবহারের মাধ্যমে এ ইউনিয়নে ভোট গ্রহণ হবে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান ছোহরাব হোসেন বাবুল মৃধা। তার পরিবারের আরো দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এইক পদে। আনারস প্রতীক নিয়ে তার ছেলে সাদ্দাম হোসেন আকিব ও অটোরিকশা প্রতীক নিয়ে মামাতো ভাই গোলাম হোসেন। যদিও বাবুল মৃধা ছাড়া অন্য দুজন সাজানো (ডামি) প্রার্থী বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে দলের বিদ্রোহী প্রার্থী (সতন্ত্র) হিসেবে মাঠে রয়েছেন ঘোড়া প্রাতীক নিয়ে মিজানুর রহমান হাওলাদার। একই পদে তার স্ত্রী সুমনা রহমান লড়ছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে। তিনিও সাজানো (ডামি) প্রার্থী বলে জানা গেছে।
তিমিরকাঠি এলাকার রুবেল হাওলাদার বলেন, প্রার্থী যারা হয়েছেন, তাদের মধ্যে যোগ্যতাসম্পন্ন ব্যক্তি আছেন। আমরা একজন সৎ, যোগ্য ও ভালো মানুষকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। এ জন্য নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছি।


