সন্ধান২৪.কমঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) দিবাগত রাতে নিজেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা পরিচয় দিয়ে এবার চট্টগ্রামেও নগরের কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন আজিজ মিসির।
নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে নুরের বিরুদ্ধে একটি এজাহার দেওয়া হয়েছে। আমরা তা গ্রহণ করেছি। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।’
তিনি বলেন, ‘নুর ফেসবুক লাইভে উসকানিমূলক ও ধর্মীয় মূল্যবোধে আঘাত করে বক্তব্য দিয়েছেন- এমন অভিযোগে একটি এজাহার দেওয়া হয়েছে। আমরা সেটি গ্রহণ করে তদন্ত করে দেখছি।’
তিনি আরো বলেন, এজাহার মামলার বাদী কোতোয়ালি থানার কোর্ট হিল এলাকায় একজন অ্যাডভোকেটের চেম্বারে বসে নূরের লাইভের বক্তব্য শুনেন বলে উল্লেখ করেন।
এর আগে গত ১৪ এপ্রিল বিকেলে ফেসবুক লাইভে আসেন নুরুল হক নূর। সেখানে তিনি বলেন, কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা আওয়ামী লীগ করে তারা চাঁদাবাজ, ধান্ধাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার-বাটপার এই ধরনের মুসলমান।


